ধামরাইয়ে পার্কিং করা বাসে আগুন

রাজধানীর ঢাকার ধামরাইয়ে পার্কিং করা যাত্রীবাহী বাসে আগুন লেগেছে। এসময় বাসে কেউ না থাকায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাত ১২টার দিকে সুয়াপুর ইউনিয়নের সুয়াপুর-খড়ারচর আঞ্চলিক সড়কে এ ঘটনা ঘটে।

ধামরাই ফায়ার সার্ভিসের সাব অফিসার শামসুল হক বলেন, রাত ১২টার দিকে উপজেলার সুয়াপুর ইউনিয়নের সুয়াপুর-খড়ারচর আঞ্চলিক সড়কের পাশে একটি বাস পার্কিং করে চালক চলে যান। হঠাৎ ওই বাসে আগুন জ্বলতে দেখতে পায় স্থানীয়রা। পরে বাসের চালক ও স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে।

ধামরাই ফায়ার সার্ভিসের কর্মকর্তা শামসুল হক মিয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিস। তবে তার আগেই স্থানীয়রা আগুন নির্বাপণ করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কেউ অগ্নিসংযোগ করে থাকতে পারে। আগেই আগুন নিভে যাওয়ায় আমরা পরে ফিরে আসি।

ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) পরিমল সূত্রধর বলেন, রাত ১২টার দিকে সুয়াপুর বাজারের নতুন সেতু থেকে কিছুটা দূরে পার্কিং করা একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। বাসটির আসন ও কাচ পোড়া অবস্থায় পাওয়া যায়। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

চালকের দাবি, দুর্বৃত্তরা ওই বাসে আগুন দিয়েছে। এ ঘটনায় প্রাথমিভাবে ২-৩ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।