মুন্সীগঞ্জ

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর ও দখল নেওয়ার অভিযোগ উঠেছে। শুক্রবার (২৮ নভেম্বর) ভোরে উপজেলার হাসাইল-বানারী ইউনিয়নে এ ঘটনা ঘটে। খবর পেয়ে বিএনপি নেতাকর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভাঙচুর কর্মকাণ্ড বন্ধ করেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওই উপজেলার কামারখাড়া ইউনিয়নের মালিগাঁও গ্রামের তানজিল মৃধা ও তানভীর মৃধার নেতৃত্বে একদল লোক পার্শ্ববর্তী হাসাইল-বানারী ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে ভাঙচুর শুরু করে। কাঠ-টিনের তৈরি ওই কার্যালয় দখল নেওয়ার চেষ্টা চালায় তারা। স্থানীয়দের কাছে নিজেদের জমি দাবি করে অফিস ঘরটি ভাঙচুর শুরু করে তানজিল ও তানভীর। খবর পেয়ে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা ঘটনাস্খলে গেলে ভাঙচুর বন্ধ করতে বাধ্য হন তারা।

অভিযুক্ত তানজিল মৃধা দাবি করেন, ক্ষমতাকালে তাদের জমি দখল করে আওয়ামী লীগ নেতারা ওই কার্যালয় নির্মাণ করে। তাই নিজেদের জমি উদ্ধার করছেন। প্রশাসনকে জানানো হয়েছে কিনা এমন প্রশ্নে তিনি বলেন, আমাদের জমি আমরা উদ্ধার করবো, প্রশাসনকে জানানোর কি আছে।

হাসাইল-বানারী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এমএ জামান এপোলো বলেন, কে বা কারা ভাঙচুর করল আর পরবর্তীতে সেই দায়ভার আমাদের দলের ওপর এসে পড়বে। সেই বদনাম আমরা নেবো না।

হাসাইল-বানারী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. নুরুজ্জামান দেওয়ান বলেন, তানজিল ও তানভীর মৃধা জায়গাটি তাদের বলে দাবি করছে। পরে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়ে দিয়েছি। 

এব্যাপারে টঙ্গীবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল আলম বলেন, এ বিষয়ে এখনো পর্যন্ত কেউ কোনো অভিযোগ নিয়ে আসেনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।