হংকংয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত ১২৮

হংকংয়ের তাই পো এলাকার ওয়াং ফুক কোর্ট আবাসিক কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর মৃত্যুর সংখ্যা বেড়ে ১২৮–এ দাঁড়িয়েছে। বুধবার বিকেলে লাগা আগুন ৪৮ ঘণ্টারও বেশি সময় ধরে জ্বলতে থাকে এবং আটটি আবাসিক ভবনের মধ্যে সাতটিতে দ্রুত ছড়িয়ে পড়ে।

রয়টার্স এর প্রতিবেদন অনুসারে জানা যায়, আজ শুক্রবার বিকেলে এক সংবাদ সম্মেলনে হংকংয়ের নিরাপত্তা সচিব ক্রিস ট্যাং জানান, ঘটনাস্থল থেকে ১২৪টি লাশ উদ্ধার করা হয়েছে এবং হাসপাতালে নিয়ে যাওয়ার পর আরও চারজনকে মৃত ঘোষণা করা হয়।

এখনও ভবনের ভেতরে ১৬টি পোড়া মরদেহ রয়েছে বলে কর্মকর্তারা নিশ্চিত করেছেন। এ ছাড়া আহত হয়েছেন কমপক্ষে ৭৯ জন। নিখোঁজ রয়েছে আরও অনেকে, যাদের সন্ধানে উদ্ধার কর্মীরা এখনও স্থানে অভিযান চালিয়ে যাচ্ছেন।

অগ্নিকাণ্ড দ্রুত ছড়িয়ে পড়ার জন্য ভবনগুলোর জানালার বাইরে রাখা স্টাইরোফোমকে দায়ী করেছেন নিরাপত্তা প্রধান ট্যাং পিং-কুয়াং।

তিনি জানান, কমপ্লেক্সের আটটি ফায়ার অ্যালার্ম সিস্টেমই যথাযথভাবে কাজ করেনি। বাসিন্দাদের অনেকেই ঘটনার সময় আলার্ম না বাজানোর অভিযোগ করেছেন। তদন্ত শেষ হলে দায়ীদের বিরুদ্ধে মামলা করা হবে বলে জানিয়েছেন তিনি।

অগ্নিকাণ্ডের পর জরুরি ভিত্তিতে খোলা আটটি আশ্রয়কেন্দ্রে প্রায় ৯০০ মানুষ আশ্রয় নিয়েছেন। বাইরে বহু স্বজন এখনও নিখোঁজদের খোঁজে মরিয়া হয়ে অপেক্ষা করছেন। ওয়াং ফুক কোর্টের আটটি আবাসিক ভবনে ৪ হাজার ৬০০–এর বেশি মানুষ বসবাস করে। প্রতিটি ভবনের উচ্চতা ৩২ তলা।