ডেঙ্গুতে একদিনে হাসপাতালে নতুন রোগী ৪১০

গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৪১০ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। তবে এই সময়ে ডেঙ্গুতে কারও মৃত্যু হয়নি।

শুক্রবার (২৮ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত এই ৪১০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হন। ভর্তি হওয়া রোগীদের মধ্যে চট্টগ্রাম বিভাগে ১৩৭ জন, ঢাকা উত্তর সিটিতে ১০২ জন, ঢাকা বিভাগের (সিটি কর্পোরেশন বাইরে) ৯৩ জন, বরিশাল বিভাগে ৩৯ জন, ময়মনসিংহ বিভাগে ৩১ জন এবং ঢাকা দক্ষিণ সিটিতে ৮ জন রয়েছে।

একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতাল থেকে ৪৩৩ জন ডেঙ্গু রোগী চিকিৎসা শেষে বাড়ি ফিরেছে। এ নিয়ে চলতি বছর মোট ৯০ হাজার ৬৫২ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে।

এছাড়া চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৯৩ হাজার ১৯৪ জন হাসপাতালে ভর্তি হয়েছে এবং ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৩৭৭ জনের।

উল্লেখ্য, গত বছর ২০২৪ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট এক লাখ এক হাজার ২১৪ জন হাসপাতালে ভর্তি হয়েছিল এবং মৃত্যুবরণ করেছিল ৫৭৫ জন।