আগামী ২০২৬ বিশ্বকাপ সামনে রেখে ব্রাজিল জাতীয় ফুটবল দলের সম্ভাব্য হোম জার্সির ছবি ফাঁস হয়েছে বলে দাবি করা হচ্ছে। ফুটবল জার্সি ফাঁসের জন্য পরিচিত ওয়েবসাইট গতকাল বৃহস্পতিবার ব্রাজিলের সম্ভাব্য হলুদ জার্সির ডিজাইন প্রকাশ করে। এরপর থেকেই জার্সিটি নিয়ে ব্রাজিলভক্তদের মাঝে দেখা যাচ্ছে উন্মাদনা।
ওয়েবসাইটটির তথ্য অনুযায়ী, ব্রাজিলের নতুন জার্সির অনুপ্রেরণা নেওয়া হয়েছে তাদের ১৯৭০ সালের বিশ্বকাপজয়ী জার্সি থেকে। সেই জার্সি পরে মেক্সিকো বিশ্বকাপে তৃতীয় শিরোপা জিতেছিল ব্রাজিল পেলে, জারজিনহো ও কার্লোস আলবের্তোদের নিয়ে গড়া ব্রাজিল। ২০২৬ বিশ্বকাপের জন্য দাবিকৃত নতুন জার্সিটিও সম্পূর্ণ হলুদ রঙের, যার কলার ও হাতার অংশে সবুজ রঙের ছোঁয়া রয়েছে।
ফাঁস হওয়া ছবিতে দেখা যায়, জার্সিটি প্রায় পুরোটা হলুদ। পাশে ও কাঁধে আছে সবুজ রঙের নকশা। জার্সির কলার সবুজ, তবে কিছুটা নীলচে আভাযুক্ত। কাপড়ে সূক্ষ্ম টেক্সচার ডিজাইন যুক্ত করা হয়েছে। তবে ইএসপিএন ব্রাজিল জানিয়েছে, এই ফাঁস হওয়া জার্সিটি মূলত বিশ্বকাপের জন্য তৈরি ফ্যান ভার্সন। ম্যাচে ব্যবহৃত অফিসিয়াল জার্সির রঙ ও ডিজাইন একই থাকবে, তবে কলারের নকশায় সামান্য পার্থক্য হতে পারে।
ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) জানিয়েছে, আগামী বছরের মার্চে ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচে নতুন জার্সির আনুষ্ঠানিক অভিষেক হবে। এর মাঝে ২৯ মার্চ ফ্রান্সের বিপক্ষে হলুদ রংয়ের হোম জার্সি এবং ৩১ মার্চ ক্রোয়েশিয়ার বিপক্ষে নীল অ্যাওয়ে জার্সির প্রথম ব্যবহার দেখা যাবে। উল্লেখ্য, এর আগেও ‘ফুটি হেডলাইনস’ ব্রাজিলের অ্যাওয়ে জার্সির ছবি ফাঁস করেছিল।
চলতি বছরের শুরুতে খবর রটেছিল, ব্রাজিল লাল রংয়ের জার্সি পরে বিশ্বকাপ খেলবে। এ নিয়ে দেশটির রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত হয়ে উঠেছিল। এরপর গত আগস্টে সিবিএফ সভাপতি সামির জাউদ স্পষ্টভাবে জানিয়ে দেন, ২০২৬ বিশ্বকাপে ব্রাজিল লাল রঙের কোনো জার্সি ব্যবহার করবে না। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে আগামী ৫ ডিসেম্বর বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত হবে। এবারের আসরে ১২টি গ্রুপে ভাগ হয়ে অংশ নেবে ৪৮টি দল।