বাহরাইনকে হারিয়ে বাছাইপর্বে টানা চতুর্থ জয় বাংলাদেশের

আপডেট : ২৮ নভেম্বর ২০২৫, ০৫:৩৩ পিএম

এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপে টানা চতুর্থ জয় তুলে নিয়েছে বাংলাদেশের কিশোররা। বাংলাদেশ। আজ শুক্রবার চীনের ইয়ংচুয়ান স্পোর্টস সেন্টারে বাছাইয়ের ‘এ’ গ্রুপের খেলায় বাহরাইনকে ২-১ গোলে হারিয়েছে লাল-সবুজের দল। এতে এশিয়ান কাপের মূল পর্বে ওঠার সম্ভাবনা আরও বাড়ল।

চীনের ইয়ংচুয়ান স্পোর্টস সেন্টারে অনুষ্ঠিত ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে বাংলাদেশ। বিপরীতে বাহরাইন মনোযোগী হয় রক্ষণে। তাদের জমাট রক্ষণের কারণে প্রথমার্ধে গোলের দেখা পায়নি বাংলাদেশ। একের পর এক আক্রমণ করেও প্রতিপক্ষের গোলমুখে গিয়ে হতাশ হতে হয়।

দ্বিতীয়ার্ধের ৫৯ মিনিটে অবশেষে গোলের দেখা মেলে। দারুণ আক্রমণ থেকে বাংলাদেশকে এগিয়ে দেন বায়োজিত বোস্তামি। এরপর ৭২ মিনিটে মোহাম্মদ মানিক স্কোরলাইন ২-০ করেন। তবে ৮৫ মিনিটে বাহরাইনের জুহাইর ইবরাহিম ব্যবধান কমান। যোগ করা মিনিটে বাহরাইনের আরও দুটি আক্রমণ প্রতিহত করে বাংলাদেশ।

উল্লেখ্য, পূর্ব তিমুরকে ৫-০ গোলে হারিয়ে বাংলাদেশ বাছাইপর্ব শুরু করেছিল। দ্বিতীয় ম্যাচে ব্রুনেইকে ৮ গোলে এবং তৃতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে ৫-০ গোলে বিধ্বস্ত করে। চার ম্যাচের চারটিতে জেতা বাংলাদেশের পয়েন্টও এখন ১২। আজ রাতে একই গ্রুপের ম্যাচে মুখোমুখি হবে চীন-শ্রীলঙ্কা। এতে চীন জিতলে তাদেরও পয়েন্ট হবে ১২। তাই আগামী রবিবার বাংলাদেশ-চীন ম্যাচ হবে বাঁচা-মরার লড়াই।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত