বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের অন্যতম গুরুত্বপূর্ণ ইউনিট বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখার ১৯১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়।
ঘোষিত কমিটিতে মো. আতিকুর রহমানকে আহ্বায়ক ও মো. শফিকুল ইসলামকে সদস্য সচিব হিসেবে মনোনীত করা হয়েছে। এছাড়া এ এম শোয়াইবকে সিনিয়র যুগ্ম আহ্বায়কসহ ৬৩ জনকে যুগ্ম আহ্বায়ক এবং ১২৫ জনকে সদস্য করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, আহ্বায়ক, সদস্য সচিব ও সিনিয়র যুগ্ম আহ্বায়কের স্বাক্ষরে কমিটির সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হবে।
নবগঠিত কমিটির আহ্বায়ক মো. আতিকুর রহমান গণমাধ্যমকে বলেন, বাকৃবি শাখা ছাত্রদলের নতুন কমিটিতে একঝাঁক মেধাবী শিক্ষার্থীকে অন্তর্ভুক্ত করা হয়েছে। ছাত্রদল সবসময় মেধাবী, মননশীল ও আদর্শিক শিক্ষার্থীদের নিয়ে কাজ করে থাকে। আমরা শিক্ষার্থীবান্ধব রাজনীতিতে বিশ্বাস করি এবং চাই বিশ্ববিদ্যালয়ে সুষ্ঠু শিক্ষা পরিবেশ বজায় থাকুক, শিক্ষার্থীরা নিরাপদে অবস্থান করুক।