জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় জিল বাংলা সুগার মিলের ৬৮ তম আখ মাড়াই মৌসুমের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (২৮ নভেম্বর) বিকাল সাড়ে ৫ দিকে মিলের ডোঙায় আখ দেওয়ার মধ্য দিয়ে চলতি আখ মাড়াই মৌসুমের উদ্বোধন করা হয়।
শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) রশিদুল হাসান ভার্চুয়ালই যুক্ত হয়ে আখ মাড়াই উদ্বোধন করেন। এর আগে মিলের ক্যান ক্যারিয়ার প্রাঙ্গণে চলতি আখ মাড়াই মৌসুমের উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আখ মাড়াই মৌসুমের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মিলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো.তরিকুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের পরিচালক (ইক্ষু উন্নয়ন ও গবেষণা) আব্দুল আলীম খান, চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের প্রধান সিপিই জেবুন নাহার ফেরদৌস, দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান, দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রশীদ সাদা, ইসলামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাব, সহ-সভাপতি শ্যামল চন্দ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আতিকুর রহমান সাজু, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মাহবুবুর রহমান, জিবাচিক ওয়ার্কার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক শওকৎ উর রহমান সোহাগ, সাবেক সভাপতি মো দলিলুর রহমান প্রমুখ।
প্রসঙ্গত, মিলটি গত ২০২৪-২৫ মাড়াই মৌসুমে ৭০ দিনে ৬০ হাজার টন আখ মাড়াই করে চিনি উৎপাদন করে ৪ হাজার ২০০ মেট্রিক টন। চলতি ২০২৫-২৬ মাড়াই মৌসুমে ৮৫ দিনে ৭১ হাজার ৫০০ মেট্রিক টন আখ মাড়াই করে ৪ হাজার ৯০০ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে মিল কর্তৃপক্ষ।