নেইমারের বিশ্বকাপ খেলা অনেক কিছুর ওপর নির্ভর করছে: ব্রাজিল অধিনায়ক

নতুন করে চোটে পড়ে আবারও আলোচনার কেন্দ্রে ব্রাজিল ফুটবল সুপারস্টার নেইমার। সাম্প্রতিক হাঁটুর চোটে তার ক্লাব সান্তোসে ভবিষ্যৎ নিয়েই তৈরি হয়েছে অনিশ্চয়তা। এর পাশাপাশি ২০২৬ বিশ্বকাপে ব্রাজিল জাতীয় দলে তার সম্ভাব্য প্রত্যাবর্তন নিয়েও জল্পনা তুঙ্গে। এই বিষয়ে এবার মুখ খুলেছেন ব্রাজিল ও পিএসজি ডিফেন্ডার মার্কিনিওস।

ফরাসি গণমাধ্যম ‘আরএমসি’কে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিনিওস বলেন, ‘অবশ্যই আমরা নেইমারকে চাই। সে আমার খুব ভালো বন্ধু এবং অসাধারণ প্রতিভাবান একজন খেলোয়াড়। এটা অনেক কিছুর ওপর নির্ভর করে। সে কেমন আছে, শারীরিকভাবে ফিট কিনা, ছন্দে ফিরেছে কিনা—এসব বিষয় গুরুত্বপূর্ণ। আমি সত্যিই আশা করি সে আবার নিজের সেরা অবস্থায় ফিরবে।’

গত কয়েক বছর ধরেই চোট নেইমারের নিত্যসঙ্গী। আল হিলাল ও পিএসজিতে খেলার সময় যেমন ইনজুরিতে ভুগেছেন, তেমনি ২০২৫ সালের শুরুতে সান্তোসে ফেরার পরও সেই দুর্ভোগ পিছু ছাড়েনি। বর্তমানে ৩৩ বছর বয়সী এই ফরোয়ার্ড হাঁটুর গুরুতর চোটে ভুগছেন, যার ফলে ব্রাজিলের সিরি আ-তে অবনমন এড়ানোর জন্য গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে তার খেলা নিয়েই সংশয় দেখা দিয়েছে।

নেইমার জাতীয় দলের হয়ে সর্বশেষ ম্যাচ খেলেছিলেন ২০২৩ সালের ১৮ অক্টোবর উরুগুয়ের বিপক্ষে, বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে। ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল মন্টেভিডিওর এস্তাদিও সেন্টেনারিওতে। ওই ম্যাচে প্রথমার্ধেই গুরুতর হাঁটুর চোটে মাঠ ছাড়তে বাধ্য হন নেইমার এবং প্রায় এক বছরের বেশি সময় মাঠের বাইরে ছিলেন। এরপর জাতীয় দলে তিনজন কোচ দায়িত্ব পালন করলেও তার ফেরা হয়নি।

বর্তমান কোচ কার্লো আনচেলত্তি নেইমারকে নিয়ে বলেছেন, ‘সে বিশ্বকাপের সম্ভাব্য তালিকায় আছে। চূড়ান্ত স্কোয়াডে ঢোকার জন্য তার হাতে এখন ছয় মাস সময় রয়েছে।’ এর আগে নেইমার প্রসঙ্গে মন্তব্য করেছিলেন ব্রাজিলের মিডফিল্ডার কাসেমিরো। তিনি বলেছিলেন, ‘সে যদি শারীরিক ও মানসিকভাবে ফিট থাকে, তাহলে নিঃসন্দেহে সে আমাদের সেরা খেলোয়াড়। ফিট থাকলে সে যেকোনো জাতীয় দলের জন্যই অপরিহার্য।’