জনপ্রিয় ভারতীয় বাংলা সিরিয়াল ‘চিরদিনই তুমি যে আমার’ নিয়ে নিত্যদিন নিত্যনতুন আপডেট! সহ-অভিনেতা জীতু কমলের সঙ্গে দ্বন্দ্বে ইতিমধ্যে ধারাবাহিক থেকে সরে দাঁড়িয়েছেন সিরিয়ালের প্রধান নারী চরিত্রে অভিনয় করা দিতিপ্রিয়া রায়। পুরো এক সপ্তাহজুড়ে ধারাবাহিকের সেট নায়িকাহীন হয়ে যাওয়ায় দর্শকমহলের চর্চায় ‘নতুন অপর্ণা’ শিরিন পাল। যদিও নতুন নায়িকাকে নিয়ে সোশ্যাল পাড়ায় দ্বিমত! এবার যাবতীয় বিতর্কের মাঝেই আজ শনিবার (২৯ নভেম্বর) সকালে ‘চিরদিনের জন্য মেগা সিরিয়াল ছাড়ার’ ঘোষণা করে বোমা ফাটালেন অভিনেতা জিতু কমল । আজ সকালে ফেসবুক ভিডিওতে অভিনেতা জানান, ‘খুব আনন্দের সঙ্গে জানাচ্ছি, এটাই আমার শেষ মেগা সিরিয়াল। এরপর আর কোনো ধারাবাহিকে অভিনয় করব না।’
এরপর দিতিপ্রিয়ার নাম না করেই ‘নায়িকা বদল’ প্রসঙ্গে জিতুর সংযোজন, ‘আমাদের কলাকুশলী, প্রযোজনা সংস্থা এবং চ্যানেলের তরফ থেকে একটি চ্যালেঞ্জ নিয়েছে। কী চ্যালেঞ্জ নিয়েছে, সেটা বিস্তারিত বললাম না। তবে আশা রাখছি, আপনারা আমাদের সাথে থাকবেন। যেভাবে পাশে থেকেছেন, সেভাবে আরও কিছুদিন পাশে থাকবেন। নইলে আমার টিমের কলাকুশলী যারা দিন আনে দিন খায়, কাজ বন্ধ হলে তাঁদের সমস্যা হবে। তাদের দিকে তাকিয়ে আমাদের সিরিয়ালের নাম সার্থক করবেন- চিরদিনই তুমি যে আমার। আমি চাই দর্শকরা চিরদিনই আমার পাশে থাকবেন এভাবেই।’
নতুন অপু শিরিনের জন্যেও দর্শকের কাছে আশীর্বাদ চেয়ে নিয়েছেন তিনি। অভিনেতার মন্তব্য, ‘আজ থেকে এক নতুন শিল্পীর নতুন পথ চলা। অনুরোধ করছি, ওকে আশীর্বাদ করুন।’ জিতুর এমন ঘোষণায় আবারও সিরিয়ালের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছে। তাহলে কি খুব শিগগিরি শেষ হচ্ছে ‘চিরদিনই তুমি যে আমার’? যদিও সেই উত্তর অধরা, তবে ছোটপর্দায় যে জীতুকে মিস করবেন তার ভক্তমহল, তা বলাই বাহুল্য।