মানিকগঞ্জের হরিরামপুরে জীবিত উদ্ধারের এক ঘণ্টা পর মেছো বাঘের মৃত্যু হয়েছে। খবর পেয়ে শনিবার (২৯ নভেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার সরফদিনগর গ্রাম থেকে মৃত মেছোবাঘটি উদ্ধার করে বন বিভাগ।
স্থানীয় মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আওলাদ হোসেন ভুলু জানান, আওলাদ হোসেন ভুলুর বাড়ির পুকুরপাড়ে হাঁটতে থাকা দুর্বলতা মেছোবাঘটিকে ঘিরে ফেলে গ্রামবাসী। পরে তারা পলো ব্যবহার (মাছ ধরার যন্ত্র) করে সেটিকে জীবিত অবস্থায় উদ্ধার করে। প্রায় এক ঘণ্টার মধ্যেই সেটি মারা যায়। বাঘটি আগেই আহত ছিল এবং গ্রামবাসী তাকে কোনো আঘাত করেনি বলে জানান তিনি।
সহকারী ভূমি কর্মকর্তা মো. মোশারফ হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি বন বিভাগকে জানানো হয়েছে।
উপজেলা বন কর্মকর্তা মো. শরিফুল ইসলাম বলেন, খবর পাওয়ার পরপরই বন বিভাগের লোক পাঠানো হয়েছে। মেছোবাঘটির মৃত্যুর কারণ নির্ণয়ে প্রয়োজনীয় স্যাম্পল সংগ্রহ করে এরপর সেটিকে মাটিতে পুঁতে রাখা হবে। তবে বন্যপ্রাণী দেখা গেলেই আতঙ্কিত না হয়ে কীভাবে নিরাপদে তাদের উদ্ধার করা যায় সে বিষয়ে গ্রামীণ জনগণকে আরও সচেতন হতে হবে বলে জানান এই বন কর্মকর্তা।