সিংগাইরে ৩৮ কেজি গাঁজাসহ ৪ নারী আটক

আপডেট : ২২ নভেম্বর ২০২৬, ১১:০২ পিএম

মানিকগঞ্জের সিংগাইরে ৩৮ কেজি গাঁজাসহ চার নারীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় বাসিন্দারা। রবিবার (২২ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার ধল্লা ইউনিয়নের গাজিন্দা গ্রামে এ ঘটনা ঘটে।

আটক নারীরা হলেন গাজিন্দা গ্রামের রুজিনা বেগম (৩৫), তাসলিমা বেগম (৩২), তানহা (১৯) ও হাজেরা বেগম (৬০)।

স্থানীয় সূত্রে জানা গেছে, আটক চার নারী দীর্ঘদিন ধরে পারিবারিক ব্যবসা হিসেবে গাঁজার কারবার চালিয়ে আসছিলেন বলে অভিযোগ রয়েছে। তাদের চলাফেরা সন্দেহজনক মনে হলে স্থানীয় বাসিন্দারা  রবিবার রাতে তাদের চ্যালেঞ্জ করেন।

পরে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ৩৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় চার নারীকে আটক করে উদ্ধার করা গাঁজাসহ সিংগাইর থানা পুলিশের কাছে হস্তান্তর করেন স্থানীয়রা। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বর্তমানে আটক চার নারী পুলিশ হেফাজতে রয়েছেন।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম বলেন, গাঁজাসহ চার নারীকে আটকের ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।



সর্বশেষ সর্বাধিক পঠিত