বগুড়ায় কষ্টিপাথরের ২ বিষ্ণুমূর্তি উদ্ধার, আটক ১

বগুড়ার শেরপুর থানা এলাকায় অভিযান চালিয়ে একটি ১ কেজি এবং একটি ১২ কেজি ওজনের মূল্যবান কষ্টিপাথরের তৈরি বিষ্ণুমূর্তি উদ্ধার করেছে  র‌্যাব ১২-এর ক্রাইম প্রিভেনশন স্পেশালাইজ্ড কোম্পানির (সিপিএসসি) একটি দল।  শনিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে সিপিএসসি বগুড়া, র‌্যাব-১২ কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ফিরোজ আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ফারুক আহমেদ (৩৪) নামের এক পাচারকারীকে আটক করা হয়েছে। আটক ব্যক্তি সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার তালম ইউনিয়নের লাউতা গ্রামের আজিজের ছেলে।

র‌্যাব সূত্র জানায়, গত ২৮ নভেম্বর বিকেল ৫টার দিকে সিপিএসসি বগুড়া, র‌্যাব-১২ জানতে পারে যে, বগুড়ার শেরপুর উপজেলার বিশালপুর ইউনিয়নের ভাই ভাই নিউ মার্কেটে একজন ব্যক্তি কষ্টি পাথরের বিষ্ণুমূর্তি বিদেশে পাচারের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছেন। বিকেল সাড়ে ৫টার দিকে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয় এবং মার্কেটের তাহমিদ ভ্যারাইটিজ স্টোরের সামনে থেকে পাচারকারী ফারুককে আটক করে। তাকে আটকের সময় তার হেফাজত থেকে ১ কেজি ওজনের একটি কালো কষ্টি পাথরের ফ্রেমে খোদাই করা বিষ্ণুমূর্তি উদ্ধার করা হয়। মূর্তিটির দৈর্ঘ্য ৮ ইঞ্চি এবং প্রস্থ ৩.৫ ইঞ্চি।

এরপর প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ফারুক আহমেদের দেওয়া তথ্যের ভিত্তিতে র‌্যাব দল সন্ধ্যা সাড়ে ৬টায় সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার তালম ইউনিয়নের লাউতা গ্রামে তার বসতবাড়িতে অভিযান চালায়। এসময় তার খাটের নিচ থেকে আরও একটি ১২ কেজি ওজনের কালো কষ্টি পাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার করা হয়। এই মূর্তিটির দৈর্ঘ্য ২৫ ইঞ্চি (নিচের সূচালো অংশসহ) এবং প্রস্থ ১০ ইঞ্চি। র‌্যাব জানিয়েছে, উদ্ধার ২টি বিষ্ণুমূর্তির আনুমানিক মূল্য ১৩ লক্ষ টাকা।