লালমনিরহাটে মহাসড়ক সচলে দুলুর কঠোর আল্টিমেটাম

লালমনিরহাট-বুড়িমারী জাতীয় মহাসড়কের মহেন্দ্রনগর বিশ্ব গোডাউন সংলগ্ন রাস্তাটি সাত দিন ধরে বন্ধ থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন জেলার সর্বস্তরের মানুষ ও বিএনপি নেতাকর্মীরা। সড়ক দ্রুত চালুর দাবিতে শনিবার সকালে শহরের মিশন মোড় গোলচত্বরে অবস্থান কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন লালমনিরহাট-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়ক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। তিনি অভিযোগ করেন, দুটি ট্রাক উল্টে পড়ার পরও সপ্তাহজুড়ে সড়ক সচল করতে না পারা প্রশাসনের ব্যর্থতার পরিচয়।

দুলু বলেন, আমরা ভেবেছিলাম এক-দুই ঘণ্টার মধ্যেই ট্রাক সরিয়ে যোগাযোগ স্বাভাবিক হবে। কিন্তু সাত দিনেও এই ‘অথর্ব প্রশাসন’ বিকল্প কোনও ব্যবস্থা নেয়নি, বরং দোষারোপ আর অজুহাতে সময় নষ্ট করেছে।

তিনি অভিযোগ করেন, মহিপুর ব্রিজের ব্যারিয়ার না খোলায় গ্রামীণ সড়কগুলোর ওপর ভারী যানবাহনের চাপ বাড়ে, ফলে কুলাঘাট, মহেন্দ্রনগর বুড়ির বাজার ও কাজির চওড়ার রাস্তাগুলো এখন প্রায় চলাচল-অযোগ্য। যানজটের কারণে অ্যাম্বুলেন্স পর্যন্ত আটকে যাচ্ছে বলেও তিনি মন্তব্য করেন।

দুলু জানান, অবস্থান কর্মসূচির ঘোষণা দেওয়ার পর শুক্রবার রাতে প্রশাসনের পক্ষ থেকে ব্যারিয়ার খুলে দেওয়া এবং ডাইভারশন দ্রুত শেষ করার আশ্বাস দেওয়া হয়েছে। আজ দুপুর পর্যন্ত অপেক্ষা করব। তার মধ্যে দাবি মানা না হলে আগামীকাল থেকে আরও কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।

অবস্থান কর্মসূচিতে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান এ কে এম মমিনুল হক, পৌর বিএনপির সভাপতি আফজাল হোসেন, সাংগঠনিক সম্পাদক সাজু পাটোয়ারীসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন।