শ্রীপুরে মোটরসাইকেল থেকে পড়ে মাদরাসা ছাত্রের মৃত্যু

গাজীপুরের শ্রীপুরে এক ব্যক্তির মোটরসাইকেলের থেকে পড়ে এক মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আচমকা ব্যস্ত সড়কে ছিটকে পড়ার পর পিছন থেকে আসা একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিশুটির ঘটনাস্থলেই মৃত্যু হয়।

জানা গেছে, উপজেলার গাজীপুর ইউনিয়নের জৈনা-শৈলাট আঞ্চলিক সড়কের এসিআই মোড়ে অটোরিকশাকে ওভারটেক করতে গিয়ে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুর নাম সিফাত হোসেন (১১)।  সে পাশের ধনুয়া গ্রামের বাবুল হোসেনের ছেলে। স্থানীয় একটি মাদরাসার হিফজ বিভাগের শিক্ষার্থী ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, একটি মোটরসাইকেলে করে শিশু সিফাতকে নিয়ে জৈনা থেকে বাড়ির যাচ্ছিলেন এক ব্যক্তি। পরে জৈনা বাজার পার হলে একটি অটোরিকশাকে অতিক্রম করার সময় আচমকা বাইকের পেছন থেকে শিশুটি সড়কে পড়ে যায়। এ সময় পিছন থেকে আসা সিমেন্ট ভর্তি একটি ট্রাকের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই সে মারা যায়।

স্থানীয় বাসিন্দা রাসেল আহাম্মেদ জানান, কোনো কিছু বুঝে উঠার আগেই এমন দুর্ঘটনা ঘটে গেল। পরে লোকজন তাড়া করে ঘাতক ট্রাকটি আটক করে। মূর্হুতের মধ্যে এমন দুর্ঘটনা সবাইকে কাঁদিয়ে দিল। এলাকায় শোকের ছায়া নেমে আসে।

শ্রীপুর মডেল থানার ওসি মহম্মদ আবদুল বারিক জানান, খবর পেয়ে নিহত শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। লোকজন ট্রাক আটক করে পুলিশে দিয়েছে। তবে চালক পালিয়ে গেছে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।