মোহামেডানের হার জয়ে শীর্ষে বসুন্ধরা

পিডব্লিউডির কাছে পয়েন্ট হারিয়ে বাংলাদেশ ফুটবল লিগের পথচলা শুরু হয়েছিল বসুন্ধরা কিংসের। তবে কাগুজে সেরাদের এরপর আর পা হড়কায়নি। টানা তিন ম্যাচ জিতে এককভাবে এখন তারা লিগ টেবিলের শীর্ষে। শনিবার ঘরের মাঠ বসুন্ধরা কিংস অ্যারেনায় রহমতগঞ্জকে ৫-০ ব্যবধানে হারিয়েছে তারা। অথচ ম্যাচ শুরুর আগে সেরার লড়াইয়ে এ দুদল ছিল একই সীমানায়।

চার ম্যাচ থেকে ১০ পয়েন্ট নিয়ে কিংস এখন সবার ওপরে। বড় ব্যবধানে হেরে রহমতগঞ্জ দুই থেকে নেমে গেছে চারে। তাদের সংগ্রহ সাত পয়েন্ট। দুই আর তিনে থাকা ব্রাদার্স এবং ফর্টিসেরও সংগ্রহ তাদের সমান। তবে গোল ব্যবধানে এগিয়ে তারা।

ম্যাচের ২০ মিনিট গোল পেতে পারত রহমতগঞ্জও। তবে বিপজ্জনক হয়ে ওঠা সুলেমান কিংয়ের কর্নার লাফিয়ে ফিস্ট করেন কিংস কিপার আনিসুর রহমান জিকো। বসুন্ধরার গোলের অপেক্ষা ফুরায় ২৭ মিনিটে। বক্সের বেশ বাইরে থেকে ইমানুয়েল সানডের দূরপাল্লার শট দূরের পোস্ট ছুঁয়ে জালে জড়ায়। বিরতিতে যাওয়ার আগে দ্বিতীয় গোল পায় কিংস। এবার ইমানুয়েলের ক্রসে ভলি করে গোল করেন ফয়সাল আহমেদ ফাহিম। ম্যাচের ৭২ মিনিটে কিংসকে আরও এগিয়ে নেন তপু বর্মণ। সোহেল রানা জুনিয়রের কর্নারে তপুর হেড জালে জড়ায়। দুই মিনিট পর প্রতি-আক্রমণে চতুর্থ গোল করে স্বাগতিকরা। ডরিয়েলটন গোমেজের বাড়ানো পাস পেয়ে যান বদলি ফরোয়ার্ড কিউবা মিচেল। তিনি পাস দেন ইমানুয়েলকে। ঠা-া মাথায় দ্বিতীয় গোলের দেখা পান নাইজেরিয়ার ফরোয়ার্ড। ম্যাচের ৭৮ মিনিটে কিংসের পঞ্চম গোলটির করেন ডরিয়েলটন।

মোহামেডানের হার : তিন দিন আগেই চিরবৈরী আবাহনীর বিপক্ষে বাংলাদেশ ফুটবল লিগে জয়ের খাতা খুলেছিল বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডান। তিন দিন বাদেই ফের পথহারা সাদা-কালোরা। মানিকগঞ্জের মিরাজ-তপন স্টেডিয়ামে আলফাজ আহমেদের শিষ্যদের ২-০ ব্যবধানে হারের লজ্জায় ডুবিয়েছে ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাব। গাজীপুরের দিনের অপর ম্যাচে গোলশূন্য ড্র করেছে পিডব্লিউডি ও ব্রাদার্স ইউনিয়ন।

প্রথমার্ধে একাধিক সুযোগ তৈরি করেছিল দুই দল। ফিনিশারদের ব্যর্থতায় এ অর্ধে গোল পায়নি কোনো দল। তবে দ্বিতীয়ার্ধের শুরুতে লিড নেয় ফকিরেরপুল। চাপ ধরে রেখে গোল আদায় করে নেয় আরও একটি। এরপর আর ম্যাচে ফেরা হয়নি মোহামেডানের। ফকিরেরপুলকে প্রথম জয় এনে দেন ইরফান হোসেন ও ওয়াতারা বেন ইব্রাহিম।

গত মৌসুমে শীর্ষ পেশাদার লিগে প্রথম নাম লিখিয়েছিল ফকিরেরপুল। সেবারও লিগে টানা ৮ জয় পাওয়া মোহামেডানকে হারের স্বাদ দিয়েছিল প্রতিবেশী ক্লাবটি। কুমিল্লায় মোহামেডানের ঘরে হানা দিয়ে ম্যাচটা জিতেছিল ১-০ ব্যবধানে। ফিরতি লিগে অবশ্য মোহামেডান প্রতিশোধ নিয়েছিল ৬-১ ব্যবধানে জয়ে। এবারও লিগের প্রথম দেখায় মোহামেডানকে হারের স্বাদ দিয়েছে ফকিরেরপুল। চার রাউন্ড শেষে এক জয়, এক ড্র আর দুই হারে চার পয়েন্টে মোহামেডান নেমে গেছে ৯-এ। ম্যাচ জিতে ফকিরেরপুল সমান পয়েন্টে আছে তাদের ঠিক ওপরে।

এদিকে গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে স্বাগতিক পিডব্লিউডির সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করে ব্রাদার্স উঠে গেছে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে। তাদের সংগ্রহ ৭ পয়েন্ট। ফর্টিস ও রহমতগঞ্জেরও সমান সংগ্রহ, তবে গোল গড়ে তারা ব্রাদার্সের চেয়ে পিছিয়ে আছে। পিডব্লিউডি ৫ পয়েন্ট নিয়ে আছে পাঁচে।