লালমনিরহাটের হাতীবান্ধায় সার না পেয়ে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ক্ষুব্ধ কৃষকরা। এতে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। রবিবার (৩০ নভেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার অডিটরিয়াম চত্বরের সামনে ‘মেসার্স মোর্শেদ সার ঘর’ বিক্রয়কেন্দ্র বন্ধ হয়ে গেলে এর পর পরই কৃষকেরা অবরোধে নামেন।
সংশ্লিষ্টরা জানায়, উপসহকারী কৃষি কর্মকর্তা কার্তিক বর্মনের সহযোগিতায় ডিলার খুচরা ব্যবসায়ীদের কাছে বেশি দামে সার বিক্রি করেছেন। এতে ক্ষুব্ধ কৃষকেরা মহাসড়ক অবরোধ করে ডিলার ও ওই কৃষি কর্মকর্তার অপসারণ দাবি করেন। একপর্যায়ে তারা মহাসড়ক অবরোধ করে। পরবর্তীতে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীম মিঞা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
কৃষকদের অভিযোগ, ভুট্টা মৌসুম শুরুতে বাজারে সার সংকট দেখা দিয়েছে। কয়েক দিন ধরে সার না পেয়ে ভুট্টা চাষাবাদ নিয়ে চরম অনিশ্চয়তায় রয়েছেন তারা। বিক্রয়কেন্দ্র কর্তৃপক্ষ সিংগিমারী ইউনিয়নের কৃষকদের জন্য রবিবার সার বিক্রির ঘোষণা দিলেও কিছু কৃষককে সার দেওয়ার পর হঠাৎ কেন্দ্রটি বন্ধ করে দেওয়া হয়। এসময় তারা ডিলারের বিরুদ্ধে সার কালোবাজারে বিক্রির অভিযোগ করেন।
ইউএনও শামীম মিঞা জানান, বিক্রয়কেন্দ্রের মজুদ ও বিক্রির হিসাব নেওয়া হচ্ছে। অনিয়ম পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।
তবে অভিযুক্ত মেসার্স মোর্শেদ সার ঘরের মালিক মঞ্জুর মোর্শেদের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
তবে সার সংকটের অভিযোগ অস্বীকার করে লালমনিরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক শাইখুল আরেফিন জানান, জেলায় কোনো সার সংকট নেই। মাসের শেষ দিকে বরাদ্দ কম থাকায় সাময়িক চাপ তৈরি হতে পারে। তবে নতুন বরাদ্দ আসার পর পরিস্থিতি স্বাভাবিক হবে।