সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে একটি মাইক্রোবাসে হঠাৎ আগুন লেগে পুড়ে গেছে। তবে এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুর ১টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের মধুমতি মডেল টাউনের সামনে এঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের দুই ইউনিটের প্রায় এক ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
সাভার ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার মাইনুল রিয়াদ জানান, বৃহস্পতিবার দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কে একটি মাইক্রোবাস যাওয়ার সময় হঠাৎ আগুন ধরে যায়। পরে খবর পেয়ে সাভার ফায়ার স্টেশনের দুই ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় দুপুর ২টা দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গাড়িতে শর্ট সার্কিটের কারণে অগ্নিকাণ্ড ঘটেছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি বলে জানান তিনি।