চট্টগ্রামের হাটহাজারীর নন্দীরহাট এলাকার হাটহাজারী-অক্সিজেন আঞ্চলিক মহাসড়কের ওপর ঝটিকা মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের কয়েকজন নেতা-কর্মী। রবিবার ভোরে নন্দীরহাটের দক্ষিণে ধোপার দীঘিরপাড় এলাকা থেকে তারা মিছিলটি শুরু করে।
পুলিশ ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গেছে, ভোরে চিকনদণ্ডী ইউনিয়ন যুবলীগ নেতা হাসান মুরাদের নেতৃত্বে ১২ থেকে ১৫ জন নেতা-কর্মী মিছিলে অংশ নেয়। এতে নিষিদ্ধ ছাত্রলীগের চট্টগ্রাম উত্তর জেলা শাখার যুগ্ম সম্পাদক ইকবাল হোসেনও ছিলেন। তবে তিন মিনিটের মধ্যেই তারা মিছিলটি শেষ করে সটকে পড়েন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ওই মিছিলের ভিডিওতে দেখা যায়, ‘হাটহাজারী উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠন, চট্টগ্রাম’ লেখা একটি ব্যানার ধরে মিছিলটি করা হয়। মিছিলে থাকা কয়েকজন হেলমেট পরিহিত ছিলেন। এ ছাড়া কয়েকজন কাপড় দিয়ে মুখ ঢেকে মিছিলে অংশ নেয়।
হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনজুর কাদের ভূঁইয়া বলেন, ভিডিও দেখে মিছিলে অংশগ্রহণকারীদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।