হবিগঞ্জের মাধবপুরে দুই গ্রামের সংঘর্ষে উভয়পক্ষের অন্তত অর্ধ শতাধিক আহত হয়েছেন। রবিবার (৩০ নভেম্বর) দুপুরে উপজেলার নোয়াপাড়া বাজারে ইটাখোলা মুড়াপাড়া ও ব্যাঙ্গাডোবা গ্রামের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সৈয়দ আতাউল মোস্তফা সোহেল জানান, শনিবার রাতে মুড়াপাড়া গ্রামের বকুল মেম্বারের ভাতিজার সঙ্গে পার্শ্ববর্তী ব্যাঙ্গাডোবা গ্রামের নুর মিয়া সরদারের এক স্বজনের তুচ্ছ বিষয় নিয়ে হাতাহাতি হয়। এর জের ধরে উভয়পক্ষের লোকজন লাঠিসোঁটা নিয়ে রবিবার দুপরে নোয়াপাড়া বাজারে জড়ো হয় । এক পর্যায়ে ধাওয়া পাল্টা ধাওয়া ইট পাটকেল নিক্ষেপ শুরু হয়। কয়েক ঘণ্টাব্যাপী এ সংঘর্ষে উভয়পক্ষের অন্তত অর্ধশতাধিক আহত হন। স্থানীয়রা তাদের উদ্দার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
তিনি জানান, এসময় কিছু দোকানপাট ভাঙচুর করা হয়। খবর পেয়ে মাধবপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সহিদ উল্যার নেতৃত্বে পুলিশের একটি টিম পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। এরই মধ্যে শাহজীবাজার সেনা ক্যাম্প থেকে সেনাসদস্যরা ঘটনাস্থলে পৌঁছলে পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আনে।
এরপরও পুলিশ বাড়তি সতর্কতা অবলম্বন করেছে। বর্তমানে নোয়াপাড়া বাজারে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।