'ফুটবলের প্যারোডি’ বাদ দিয়ে মেসিকে বিশ্বকাপকে অগ্রাধিকার দেয়ার পরামর্শ

ইন্টার মায়ামিতে দারুণ সময় কাটছে লিওনেল মেসির। নিউইয়র্ক সিটিকে ৫–১ গোলে হারিয়ে মায়ামি পৌঁছে গেছে এমএলএস কাপ ২০২৫–এর ফাইনালে। সেই ম্যাচে অ্যাসিস্ট করে মেসি ছাড়িয়ে গেছেন ফেরেঙ্ক পুসকাসকেও—সব প্রতিযোগিতা মিলিয়ে ক্যারিয়ারে তাঁর অ্যাসিস্ট এখন ৪০৫, যা সর্বোচ্চ।

তবে বিশ্বকাপ বছর ঘনিয়ে আসতেই ফুটবলবিশ্বে আলোচনার কেন্দ্রবিন্দুতে আবারও উঠে এসেছে আর্জেন্টাইন অধিনায়কের ভবিষ্যৎ পরিকল্পনা। আর সে নিয়েই পরিষ্কার মতামত দিয়েছেন দিয়েগো ম্যারাডোনার সাবেক ট্রেইনার ফার্নান্দো সিনোরিনি। তাঁর মতে, মেসির এখনই সিদ্ধান্ত নিতে হবে—প্রাধান্য দেবেন এমএলএসকে, নাকি বিশ্বকাপকে।

সিনোরিনি আর্জেন্টাইন রেডিও ‘সুপার দেপোরতিভো’তে বলেন, “লিওকে বিশ্বকাপকেই অগ্রাধিকার দিতে হবে। সে এমন এক রেকর্ডের দৌড়ে জড়িয়ে আছে, যার প্রয়োজনীয়তা আমি বুঝি না। কারণ ইন্টার মায়ামিতে যে ফুটবল খেলছে, তা আসলে ফুটবল নয়—ফুটবলের এক ধরনের প্যারোডি।”

ডিয়েগো ম্যারাডোনা কোচ থাককালীন আর্জেন্টিনা দলের ট্রেইনার ছিলেন ফার্নান্দো সিনোরিনি

তিনি মনে করেন, মার্কিন ফুটবল ক্যালেন্ডার অনুযায়ী বিশ্বকাপ শুরুর সময়ের কাছাকাছি প্রতিযোগিতামূলক ম্যাচ কম থাকবে মেসির। বিপরীতে ইউরোপভিত্তিক ফুটবলাররা তখন নিয়মিত খেলতে থাকবে টপ–লেভেল ম্যাচ। ‘বিশ্বকাপের তিন মাস আগে, তার উচিত অন্তত এক মাস পরিবারের সঙ্গে সময় কাটানো, নিজেকে প্রাণবন্ত করার জন্য। তারপর মাঠে না থাকায় যে ক্ষুধা তৈরি হবে, সেটা নিয়ে ফিরে আসুক। মূলকথা, তাকে বিশ্বকাপকে অগ্রাধিকার দিতে হবে। আর হ্যাঁ, সে যেন প্রথম মিনিট থেকে প্রতি ম্যাচে খেলার কথা চিন্তা না করে।’ 

আগেও বিশ্বকাপে খেলার প্রসঙ্গে সতর্কতার সঙ্গে নিজের অবস্থান পরিষ্কার করেছিলেন মেসি। স্প্যানিশ দৈনিক স্পোর্ট–কে তিনি বলেন,
“আমি দলের জন্য বোঝা হতে চাই না। শারীরিকভাবে ফিট আছি কি না—এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ইউরোপের মতো আমাদের লিগ নয়, বিশ্বকাপের আগে প্রি–সিজন চলবে, মাঝখানে খুব বেশি ম্যাচও থাকবে না। প্রতিদিন দেখব অবস্থা কোথায় দাঁড়ায়।”

তবে একই সঙ্গে বিশ্বকাপের মাহাত্ম্যও স্মরণ করিয়ে দিয়েছেন আর্জেন্টাইন তারকা, “বিশ্বকাপ তো বিশ্বকাপই—সবচেয়ে বড় প্রতিযোগিতা। তাই উত্তেজনা আছে, তবে আমি দিন দিন এগোচ্ছি।”

বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে শেষবারের মতো দেখা যাবে কি না মেসিকে—তা নিয়ে জল্পনা বাড়ছেই। তবে সিগনোরিনি চান, মেসি যেন নিজের শরীর, প্রস্তুতি ও বিশ্বকাপকে সবচেয়ে গুরুত্ব দেন।