ঝিনাইদহ শহরের পবহাটি সিটি মোড় এলাকায় ব্যবসায়ী মুরাদ হোসেন (৪০) হত্যা মামলার আসামি রাহাত আলী (২৫)-কে গ্রেফতার করেছে র্যাব-৬।
সোমবার ভোরে সদর উপজেলার উদয়পুর এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত রাহাত পবহাটি গ্রামের ইউনুচ লস্করের ছেলে।
র্যাব-৬, সিপিসি-২ ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেহেদী ইমরান সিদ্দিকী জানান, গত শনিবার দুপুরে পবহাটি সিটি মোড়ে ইলেক্ট্রনিক্স ব্যবসায়ী মুরাদ হোসেনকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়।
এ ঘটনায় নিহতের স্ত্রী সাথী বেগম বাদী হয়ে ঝিনাইদহ সদর থানায় মামলা দায়ের করেন। পরে আসামি গ্রেফতারের জন্য র্যাব অভিযান শুরু করে।
অভিযানের অংশ হিসেবে সোমবার ভোরে উদয়পুর এলাকা থেকে রাহাতকে আটক করা হয়।
বাকি আসামিদের গ্রেফতারে র্যাবের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তা।