চার দিন জটিলতার পর ভুটানের পথে থাই পণ্যের ট্রানশিপমেন্ট

চার দিনের জটিলতা কাটিয়ে অবশেষে বাংলাদেশের সড়কপথ ব্যবহার করে ভুটানের উদ্দেশে থাই পণ্যের ট্রানশিপমেন্ট চালান ছেড়েছে। 

সোমবার (১ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দর থেকে কনটেইনারবাহী কার্গো ট্রাক চ্যাংড়াবান্ধা সীমান্ত দিয়ে ভারতের দিকে পাঠানো হয়।

বুড়িমারী কাস্টমস ও সিঅ্যান্ডএফ সূত্র জানায়, বিকেলে কলকাতা কাস্টমস চ্যাংড়াবান্ধা কাস্টমসকে সড়কপথে চালান পাঠানোর অনুমতি দেয়। পরে বিষয়টি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশি কাস্টমসকে জানানো হয়। 

কাগজপত্র যাচাইয়ের পর বেনকো লিমিটেডের সহায়তায় কনটেইনারটি শূন্যরেখা পেরিয়ে ভারতের দিকে যায়।

বুড়িমারী সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সভাপতি ও বেনকো লিমিটেডের মালিক ফারুক হোসেন বলেন, “ভারত ও ভুটানের সরকারি ছুটির কারণে অনুমতি পেতে দেরি হয়েছে। 

পাশাপাশি বাণিজ্য সচিব পর্যায়ের চুক্তিতে বুড়িমারী রুট উল্লেখ না থাকায় কিছু জটিলতাও ছিল। সব আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর ভারত অনুমোদন দিয়েছে।”

জানা গেছে, কনটেইনারটি আপাতত ভারতের কাস্টমস হেফাজতে থাকবে। মঙ্গলবার ট্রানজিট সড়কপথ ব্যবহার করে এটি ভুটানের উদ্দেশে রওনা দেবে।

বুড়িমারী স্থল শুল্ক স্টেশনের সহকারী কমিশনার দেলোয়ার হোসেন জানান, “ভারতের অনুমতি পাওয়ার পরই ভুটানের জন্য আমদানি করা থাই পণ্যের চালানটি পাঠানো হয়েছে। 

সেখান থেকে ভারতীয় ট্রানজিট রুট হয়ে মাল ভুটানে পৌঁছাবে।”