শ্রীনগরে রড পরিবহনকারী ট্রাকে ডাকাতি

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগরে রড বোঝাই ট্রাক ডাকাতি হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে এক্সপ্রেসওয়ের শ্রীনগর উপজেলার সমষপুর এলাকায় এই ঘটনা ঘটে। 

জানা গেছে, চট্টগ্রামের আবুল খায়ের স্টীল মিল থেকে গত সোমবার বিকালে ১৪ টন রড বোঝাই করে একটি ট্রাক ঝিনাইদহের শৈলকুপা যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। রাত আনুমানিক আড়াইটার দিকে শ্রীনগর উপজেলার সমষপুর এলাকায় পৌছলে একটি পিক আপ ভ্যান এসে ট্রাকের সামনে ব্যারিকেড দেয়। এ সময় দুষ্কৃতিকারীরা ট্রাকের চালক মো. ফারুক (৩২) ও  হেলপার সাদেকুল ইসলামকে (২০) ট্রাক থেকে নামিয়ে গামছা দিয়ে চোখ মুখ বেধে পিক আপে তুলে মারধর করে। পরে সংঘবদ্ধ দলটি রড বোঝাই ট্রাকটিকে তাদের নিয়ন্ত্রণে নিয়ে পালিয়ে যায়। পিক আপে তুলে ট্রাক চালক ও হেলপারকে কিছুক্ষণ ঘুরিয়ে তাদের কাছ থেকে নগদ ৩৫ হাজার টাকা ও দুটি মোবাইল ফোন সেট কেড়ে নেয়। এক পর্যায়ে তাদেরকে রশি দিয়ে হাত পা বেধে মাওয়া পুরাতন ফেরিঘাট এলাকায় বালুর মাঠের কাশবনে ফেলে রেখে চলে যায়। 

এই ঘটনায় ট্রাকের চালক মো. ফারুক শ্রীনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

শ্রীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হুদা খান বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। পুলিশ বিষয়টি তদন্ত করছে।