পঞ্চগড় সীমান্তে ৩ লাখ ২৪ হাজার টাকার ভারতীয় শাড়ী জব্দ

পঞ্চগড়ের ধামেরঘাট বিওপি সীমান্তে চোরাচালান বিরোধী অভিযানে ৩ লাখ ২৪ হাজার টাকার ভারতীয় শাড়ী জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৫৬ বিজিবি)।

সোমবার (২ ডিসেম্বর) রাত সাড়ে ৩টায় বিশ্বাসযোগ্য সূত্রের ভিত্তিতে অধিনায়ক, নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি)–এর নির্দেশনায় ধামেরঘাট বিওপির একটি বিশেষ টহল দল হাবিলদার মো. রেজোয়ান এর নেতৃত্বে সীমান্ত পিলার ৭৬৮/১৩ হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পঞ্চগড় জেলার চাকলাহাট ইউনিয়নের খালপাড়া এলাকায় অভিযান চালিয়ে এসব ভারতীয় শাড়ী মালিকবিহীন অবস্থায় আটক করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় ৩ লাখ ২৪ হাজার টাকা। 

নীলফামারি ৫৬ বিজিবির পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করে জানানো হয়, সদর দপ্তর বিজিবির নির্দেশনা অনুযায়ী দায়িত্বপূর্ণ সীমান্তে চোরাচালান প্রতিরোধকল্পে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। সীমান্ত এলাকা দিয়ে পাশ্ববর্তী দেশে চোরাচালান প্রতিরোধে বিজিবি শক্ত অবস্থানে রয়েছে। যে কোন মূল্যে চোরাচালান রোধে ৫৬ বিজিবি কঠোর নজরদারি নিশ্চিতের পাশাপাশি মাদকদ্রব্য সহ অন্যান্য চোরাচালান বন্ধে সদা প্রস্তুত।