দেশে কয়েক দফা মূল্যবৃদ্ধির পর এবার স্বর্ণের বাজারে সামান্য স্বস্তি এসেছে। ভরিপ্রতি ১ হাজার ৫০ টাকা কমিয়ে ২২ ক্যারেটের স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
নতুন দামে ২২ ক্যারেট স্বর্ণের ভরি বিক্রি হবে ২ লাখ ১১ হাজার ৯৫ টাকায়, যেখানে পূর্বের দাম ছিল ২ লাখ ১২ হাজার ১৪৫ টাকা।
মঙ্গলবার (২ ডিসেম্বর) রাতে বাজুস এক বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন মূল্য ঘোষণা করে।
জানানো হয়, আন্তর্জাতিক ও স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম কমায় সামগ্রিক অবস্থার পরিপ্রেক্ষিতে স্বর্ণের মূল্য পুনঃনির্ধারণ করা হয়েছে। নতুন দাম বুধবার থেকে কার্যকর হবে।
এর আগে বাজারে ২২ ক্যারেটের স্বর্ণ ভরি ২ লাখ ১২ হাজার ১৪৫ টাকা, ২১ ক্যারেটের ভরি ২ লাখ ২ হাজার ৪৯৯ টাকা, ১৮ ক্যারেটের ভরি ১ লাখ ৭৩ হাজার ৫৭২ টাকা এবং সনাতন পদ্ধতির ভরি ১ লাখ ৪৪ হাজার ৪২৪ টাকায় বিক্রি হচ্ছিল।
এরও আগে ২২ ক্যারেটের স্বর্ণের ভরি মূল্য ছিল ২ লাখ ১০ হাজার ৫৭০ টাকা; ২১ ক্যারেটের ২ লাখ ১ হাজার ৬ টাকা; ১৮ ক্যারেটের ১ লাখ ৭২ হাজার ২৮৯ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ছিল ১ লাখ ৪৩ হাজার ৩২৭ টাকা।
বাজুসের তথ্য অনুযায়ী, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে বাধ্যতামূলকভাবে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত থাকবে।
গহনার নকশা ও কারিগরি মানের ওপর ভিত্তি করে মজুরিতে পরিবর্তন হতে পারে।