দাবি আদায়ে কর্মবিরতি, হাসপাতালজুড়ে ভোগান্তি

১১তম গ্রেড থেকে ১০ম গ্রেডে উন্নীতকরণের দাবিতে দেশের সব সরকারি হাসপাতালে আজ বুধবার (৩ ডিসেম্বর) অর্ধদিবস কর্মবিরতিতে রয়েছেন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। বেল ৮টা থেকে শুরু হওয়া এই কর্মসূচি চলবে দুপুর ১২টা পর্যন্ত। এর আগেও ৩০ নভেম্বর দুই ঘণ্টার কর্মবিরতি পালন করেছিলেন তারা।

আজ সকালে কর্মবিরতিতে অংশ নিতে টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা সমবেত হন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগ এলাকায়। আন্দোলনে যুক্ত নেতারা জানান, ১০ম গ্রেড বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় ফাইল বর্তমানে জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রক্রিয়াধীন। তাদের দাবি—দীর্ঘদিন ধরে নিয়মতান্ত্রিক চিঠি–ব্যবহার, দাপ্তরিক আনুষ্ঠানিকতা এবং মন্ত্রণালয়ের চাহিদা অনুযায়ী সব নথি জমা দিলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনীহা, আমলাতান্ত্রিক জটিলতা ও বিলম্ব পুরো প্রক্রিয়াকে আটকে দিচ্ছে।

নেতাদের অভিযোগ, একই ধরনের শিক্ষাগত যোগ্যতা ও পেশাগত অবস্থানে থাকা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, ডিপ্লোমা নার্স ও ডিপ্লোমা কৃষিবিদরা ইতোমধ্যে ১০ম গ্রেডে উন্নীত হলেও মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ক্ষেত্রে তা কার্যকর হয়নি। তাদের সতর্কবার্তা—দাবি পূরণ না হলে ৪ ডিসেম্বর থেকে পূর্ণাঙ্গ ‘শাটডাউন’ কর্মসূচি শুরু হবে।

তবে হাসপাতালের জরুরি বিভাগ এই কর্মসূচির বাইরে রাখা হয়েছে বলে আন্দোলনকারীরা জানিয়েছেন। তবুও অর্ধদিবস কর্মবিরতির ফলে হাসপাতালে আগত রোগীদের নানা ভোগান্তি দেখা যায়। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সেই ভোগান্তি আরও বিস্তৃত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।