বিশ্ববাজারে যুক্ত হতে বাংলাদেশে আসছে পেপ্যাল: গভর্নর

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর ঘোষণা দিয়েছেন, আন্তর্জাতিক পেমেন্ট প্ল্যাটফর্ম পেপ্যাল শীঘ্রই বাংলাদেশে তাদের কার্যক্রম শুরু করতে যাচ্ছে। এ উদ্যোগের মূল লক্ষ্য ক্ষুদ্র উদ্যোক্তাদের বিশ্ব বাজারের সঙ্গে যুক্ত করা।

গভর্নর বলেন, পেপ্যালের মাধ্যমে আমাদের ক্ষুদ্র উদ্যোক্তারা আন্তর্জাতিক বাজার থেকে সহজে পণ্য বিক্রি ও অর্থ গ্রহণ করতে পারবে। তিনি আরও যোগ করেন, বর্তমানে ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য ব্যাংকিং চ্যানেলে অর্থপ্রদান জটিল হওয়ায় তারা আন্তর্জাতিক লেনদেনে সমস্যায় পড়ে। পেপ্যাল আসলে এ অসুবিধা দূর হবে।

তিনি বলেন, এই প্ল্যাটফর্মের মাধ্যমে তারা ইউরোপ, আমেরিকাসহ বিভিন্ন দেশে পণ্য পাঠাতে পারবে। গভর্নর আরও জানান, বর্তমানে অনেক ফ্রিল্যান্সার ও উদ্যোক্তা আন্তর্জাতিক বাজার থেকে অর্থ পেতে বেগ পোহান, কখনো অর্থই পান না।

পেপ্যাল একটি বৈশ্বিক ডিজিটাল পেমেন্ট সেবা, যা ব্যবহারকারীদের নিরাপদে অনলাইনে অর্থ প্রেরণ, গ্রহণ ও কেনাকাটায় সহায়তা করে। এটি বিশ্বের ২০০টিরও বেশি দেশে ব্যবহৃত হয়।

মঙ্গলবার (২ ডিসেম্বর) ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ও চ্যানেল আই আয়োজিত ‘অ্যাগ্রো অ্যাওয়ার্ড-২০২৫’ অনুষ্ঠানে গভর্নর এ কথা বলেন। অনুষ্ঠানে কৃষিখাতে বিশেষ অবদানের জন্য আট ব্যক্তি ও তিন প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়। পাঁচশতাধিক আবেদন থেকে বিজয়ীদের বাছাই করা হয়।