জালিয়াতির অভিযোগে গ্রেপ্তার রাইবেনা

থাইল্যান্ডের বহুল পরিচিত অভিনেত্রী রাইবেনা ইন্তাচাই এবার ঋণ জালিয়াতির অভিযোগে গ্রেপ্তার হলেন। বুধবার (৩ ডিসেম্বর) সকালে ব্যাংককের ওয়াথানা জেলার বাসা থেকে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ব্যাংককভিত্তিক সংবাদমাধ্যম  ব্যাংকক পোস্টে প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা গেছে এ তথ্য। প্রতিবেদনে বলা হয়েছে, জালিয়াতিপূর্ণ ঋণ নেয়ার অভিযোগে রাইবেনাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করবে অপরাধ দমন বিভাগ। অর্থনৈতিক অপরাধ দমন বিভাগের কমান্ডার পোল মেজর জেনারেল তাসাপুম জারুপ্রত বলেছেন, অভিনেত্রী রাইবেনার বিরুদ্ধে গত মাসের মাঝামাঝি সময় প্রতারণার মাধ্যমে ঋণ নেয়ার অভিযোগ দায়ের হয়েছে। ১৭ ব্যক্তি অভিযোগ জানিয়েছেন যে, মোট প্রায় ১৯৫ মিলিয়ন বাথ মুদ্রা ঋণ নিয়েছেন। 

আর্থিক লেনদেনের তদন্তের পর মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকেলে পুলিশ অভিনেত্রীর সম্পত্তি জালিয়াতি এবং ঋণ সম্পর্কিত জনসাধারণের আনা অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানার দাবি জানায়। গ্রেপ্তারের পাশাপাশি পুলিশ অভিনেত্রীর প্রায় ১ কোটি বাথ মূল্যের সম্পদ জব্দ করেছে। এর মধ্যে গাড়ি-বাড়ি, ব্যাগ, অলঙ্কার ও শিল্প খেলনা রয়েছে। পোল মেজর বলেন, ২০২২ সালের সেপ্টেম্বর থেকে ক্ষতিগ্রস্তদের বিভিন্নভাবে ব্যবসায়িক কর্মকাণ্ডে বিনিয়োগের জন্য আমন্ত্রণ জানিয়েছেন। এর মধ্যে ৪-৭ শতাংশ মাসিক রিটার্ন, স্টক ট্রেডিং, বাস্কেটবল মাঠ ও বিদেশী খাবারের দোকান অন্তর্ভুক্ত ছিল। 

অভিযোগকারীদের মধ্যে ছিলেন অভিনেত্রী জ্যানি তিয়েনফোসওয়ান। তিনি অভিযোগ এনেছেন, তাকে মার্কিন যুক্তরাষ্ট্রে একটি রেস্টুরেন্ট প্রোজেক্টে বিনিয়োগের আমন্ত্রণ জানিয়েছিলেন অভিনেত্রী রাইবেনা। যা পরবর্তীতে অস্তিত্বহীন বলে প্রমাণ হয়। তিনি ৩০ মিলিয়ন বাথ ক্ষতির শিকার হয়েছেন বলে জানিয়েছেন মামলায়। 

এদিকে ৪৪ বছর বয়সী অভিনেত্রী রাইবেনার আইনজীবী সাইয়ুদ পেংবুনচু বলেছেন, তার মক্কেলক জামিনে মুক্তির জন্য পাঁচ লাখ বাথ মূ্ল্যের একটি সম্পদ প্রস্তুত রেখেছেন। মক্কেলের পরিবারের সদস্য এবং তার জামিনের আবেদন নিয়ে উদ্বিগ্ন। কেননা, অভিনেত্রীর বিরুদ্ধে আগে কখনো মামলা হয়নি। ঋণদাতাদের সংখ্যা এবং তাদের মধ্যে অন্য কোনো তারকা রয়েছেন কিনা, সেটিও নিশ্চিত নন। এ আইনজীবী বলেন, গত ১ ডিসেম্বর তার মক্কেলকে কেন্দ্রীয় তদন্ত ব্যুরোতে বিচার ব্যবস্থা মেনে চলার ইচ্ছা প্রকাশের জন্য নেয়া হয়েছিল। কিন্তু তখন তার আত্মসমর্পণ গ্রহণ করা হয়নি। 

পোল মেজর জেনারেল তাসাপুমের ভাষ্যমতে―গত ১ ডিসেম্বর সন্ধ্যায় অফিস সময়ের পর অভিনেত্রী রাইবেনার আইনজীবী আত্মসমর্পণের প্রস্তাব দিতে এসেছিলেন। কিন্তু তখনও তার মক্কেলকে সন্দেহভাজন হিসেবে শনাক্ত করা হয়নি। পরবর্তীতে পুলিশ আগাম সমন ছাড়াই গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। আর এ মামলার জন্য তিন বছরেরও বেশি কারাদণ্ড হতে পারে তার।