বিশ্ব কীটনাশক মুক্ত দিবস উপলক্ষে নেত্রকোনায় কীটনাশক মুক্ত কৃষির দাবিতে গণস্বাক্ষর ও গ্রাম আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩ ডিসেম্বর) বেলা বারোটায় সবুজ সংহতির আয়োজনে বেসরকারি উন্নয়ন সংস্থা বারসিকের সহযোগিতায় শহরের মইনপুর সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির কৃষকদের নিয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের জেলা প্রবীণ হিতৈষী সংঘের সাধারণ সম্পাদক শিক্ষক সায়েদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক পৌর কমিশনার জনাব শামীম রেজা, শিক্ষা, সংস্কৃতি, পরিবেশ ও বৈচিত্র্য রক্ষা কমিটির সভাপতি সহকারী অধ্যাপক নাজমুল কবীর সরকার, জেলা গ্রিন কোয়ালিশন কমিটির সহসভাপতি সাংবাদিক আলপনা বেগম, সাংবাদিক রিফাত আহমেদ রাসেল, তানভীর হায়াত খান, বারসিকের আঞ্চলিক সমন্বয়কারী মো. অহিদুর রহমান কৃষক, শিক্ষক, যুবকসহ অনেকেই।
আলোচনা সভায় বক্তারা কীটনাশকের ফলে পরিবেশ ও জনস্বাস্থ্যের উপর প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এ সময় কৃষকদের জমিতে ক্ষতিকর কীটনাশক ব্যবহার বন্ধে ও কীটনাশক প্রয়োগে কৃষকদের স্বাস্থ্য সুরক্ষায় বিভিন্ন দিক তুলে ধরা হয়। কীটনাশকের অতিরিক্ত প্রয়োগ রোধ করে কীটনাশক মুক্ত চাষাবাদ পদ্ধতি তুলে ধরার উপায়গুলো নিয়ে আলোচনা করা হয়।
কৃষক শাহজাহান মিয়া বলেন, আমরা ফসলে অনেক বিষ ব্যবহার করি। মাটি আগের মতো নাই, যে দিন বিষ ছিটাই এই দিন রাতে ঘুম হয় না।
কমিশনার শামীম রেজা বলেন, আমাদের জৈব কৃষি চর্চা করতে হবে। রাসায়নিকের ব্যবহার কমিয়ে আনতে হবে। তা নাহলে ভবিষ্যতে মাটি -পানি-বায়ু নষ্ট হয়ে যাবে।
পরে নিষিদ্ধ কীটনাশক বাজারগুলোতে বিক্রি বন্ধ সহ প্রাকৃতিক নিরাপদ কৃষিতে সরকারি বরাদ বৃদ্ধির দাবিতে কৃষকরা ধানের জমিতে গিয়ে কৃষি উপকারী বিভিন্ন স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড প্রদর্শন করে প্রতিবাদ জানান।
এরপর তারা ওই ব্যানারে গণ স্বাক্ষর করে কীটনাশক মুক্ত নিরাপদ কৃষি চর্চার অঙ্গীকার করেন।