সারা দেশব্যাপী সংগঠিত হত্যা ও ধর্ষনের প্রতিবাদে নেত্রকোনায় জেলা প্রশাসক কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করেছে সচেতন শিক্ষার্থীবৃন্দ।
সোমবার দুপুরে নেত্রকোনা জেলা ছাত্র ইউনিয়ন ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সচেতন শিক্ষার্থীবৃন্দ এ কর্মসূচিতে অংশ গ্রহণ করেন।
জেলা প্রশাসক কার্যালয়ের সামনের ঘণ্টাব্যাপী চলা বিক্ষোভ কর্মসূচিতে বিভিন্ন সংগঠনের নেতারাও অংশ গ্রহণ করেন। এ সময় বক্তারা অবিলম্বে ধর্ষকদের মৃত্যুদণ্ড নিশ্চিতের জোরালো দাবি জানান।
পরে জেলা প্রশাসক কাজি আবদুর রহমান বিক্ষোভকারীদের সঙ্গে একাত্মতা পোষণের পাশাপাশি নির্যাতন ও ধর্ষণ প্রতিরোধে এলাকা ভিত্তিক সামাজিক সচেতনতা বৃদ্ধিতে শিক্ষার্থীদের ভূমিকা রাখার নির্দেশ দিয়ে সার্বিকভাবে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
শিক্ষার্থীবৃন্দের মাঝে বক্তব্য রাখেন, ছাত্র ইউনিয়নের মিঠুন শর্মা ও পার্থ প্রতিম সরকার, শিক্ষার্থীদের মধ্যে আব্দুস সামি নিকু, নাবিলা ইলসাম, তাজিম রহমান, নিবির, রাহিন, নাদিম প্রমুখ।
এর আগে বিক্ষোভ মিছিলটি নেত্রকোনা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে যাত্রা করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এসে বিক্ষোভ কর্মসূচি পালন করে।
অন্যদিকে, বিক্ষোভ চলাকালে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের সঙ্গে জেলা বারের সভাপতি অ্যাডভোকেট সিতাংশু বিকাশ আচার্য্যর ভুল বোঝাবুঝির ঘটনায় এক শিক্ষার্থীকে ধাক্কা দিলে সকল শিক্ষার্থীর মাঝে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ও উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়।
এ বিষয়ে বারের সভাপতি অ্যাডভোকেট সিতাংশু বিকাশ আচার্য্য প্রথমে সরাসরি না করে বলেন, এমন কিছুই ঘটেনি। ঘটনার ভিডিও রয়েছে বললে, তিনি বলেন, তারা এমনভাবে বসেছে আইনজীবীরা কোর্টে যেতে পারছিল না। তবে এ বিষয়টি জেলা প্রশাসকের অফিস কক্ষে তাৎক্ষণিক সমাধান হয়ে গেছে। পরে আমরাও তাদের সঙ্গে একাত্মতা পোষণ করেছি।
