পাবনার ঈশ্বরদীতে আটটি কুকুরছানা বস্তাবন্দি করে পুকুরে ডুবিয়ে হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলায় অভিযুক্ত নিশি রহমান (৩৮)-এর জামিন নামঞ্জুর করে আদালত তাকে কারাগারে পাঠিয়েছে।
বুধবার বিকেলে পাবনার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তারিকুল ইসলাম জামিন শুনানি শেষে এ আদেশ দেন।
এর আগে মঙ্গলবার (২ ডিসেম্বর) রাতে ঈশ্বরদী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আকলিমা খাতুন বাদী হয়ে ঈশ্বরদী থানায় মামলাটি দায়ের করেন।
রাত সাড়ে ১১টার দিকে মামলা দায়েরের পর রাত দেড়টার দিকে ঈশ্বরদী পৌর সদরের একটি ভাড়া বাসা থেকে নিশি রহমানকে গ্রেপ্তার করে পুলিশ।
নিশি রহমান হলো ঈশ্বরদী উপজেলা পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন কর্মকর্তা হাসানুর রহমান নয়ন-এর স্ত্রী।
ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনা ভাইরাল হওয়ার পর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বাদী হয়ে মামলা দায়ের করেন।
মামলায় একমাত্র আসামি নিশি রহমানকে রাতেই গ্রেপ্তার করা হয়। আইনগত প্রক্রিয়া শেষে তাকে বিকেলে আদালতে সোপর্দ করা হয়।