রাজধানীর ডেমরা বামৈল এলাকার একটি বাসায় পরকীয়া সন্দেহে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী ও শাশুড়ি আহত হয়েছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন স্ত্রী মোরশেদা আক্তার (২৩) ও শাশুড়ি সাহিদা বেগম (৪০)। ঘটনার পর ঘাতক সোহাগ মিয়াকে (২৮) আটক করেছে পুলিশ।
বুধবার (৩ ডিসেম্বর) দুপুরে বামৈল মাতব্বর গলির একটি বাসায় এই ঘটনা ঘটে।
হাসপাতালে আহত মোরশেদার মামা মফিজুল ইসলাম আকাশ জানান, ভাড়া বাসায় থাকেন তার বোন সাহিদা ও ভাগ্নি মোরশেদা। মোরশেদা ও তার স্বামী সোহাগ পোশাক কারখানায় চাকরি করেন। বিভিন্ন সময় পারিবারিক বিষয় নিয়ে তাদের মধ্যে ঝগড়া লাগত। মোরশেদা পরকীয়া করে, এমন সন্দেহ করে সোহাগ। এসব বিষয় নিয়ে আজকে দুপুরে আবার বাসায় মোরশেদার সাথে ঝগড়া লাগে সোহাগের। এক পর্যায়ে সোহাগ মোরশেদাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করতে থাকেন। এ সময় মোরশেদার মা বাধা দিতে গেলে তাকেও এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন তিনি।
তিনি আরও বলেন, মা-মেয়ের চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এসে তাদের দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। আর সোহাগ ধরে পুলিশে দেয়।
ডেমরা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শাহিন পারভেজ বলেন, দুপুরে সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে সোহাগ মিয়াকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। জানা গেছে, পরকীয়া সন্দেহে স্ত্রীকে, সেই সাথে শাশুড়িকেও ছুরিকাঘাত করেছেন তিনি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।