জাতীয় গ্রিডে যুক্ত হলো অতিরিক্ত ২৬ মিলিয়ন ঘনফুট গ্যাস

বাংলাদেশ গ্যাস ফিল্ড কোম্পানি লিমিটেড (বিজিএফসিএল) হাতে নেওয়া ‘তিতাস, হবিগঞ্জ, বাখরাবাদ ও মেঘনা ফিল্ডে ৭ কূপের ওয়ার্কওভার’ কর্মসূচির অংশ হিসেবে হবিগঞ্জ গ্যাস ফিল্ডের কূপ–৫ পুনর্গঠন কাজ সফলভাবে শেষ হয়েছে। 

বুধবার (৩ ডিসেম্বর) এই কূপ থেকে দৈনিক প্রায় ২৬ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত করা হয়।

পেট্রোবাংলার চেয়ারম্যান মো. রেজানুর রহমান আনুষ্ঠানিকভাবে গ্যাস সরবরাহ কার্যক্রম উদ্বোধন করেন। তার সঙ্গে বিজিএফসিএল-এর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌ. মো. ফারুক হোসেন, মহাব্যবস্থাপক এবং অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

ওয়ার্কওভার কাজটি সম্পন্ন হয় বাপেক্সের ‘বিজয়–১১’ রিগ ব্যবহার করে। কূপটি আগে দৈনিক প্রায় ১৪ মিলিয়ন ঘনফুট গ্যাস দিতেও অতিরিক্ত পানি ও বালু ওঠার কারণে উৎপাদন বাধাগ্রস্ত ছিল। পুনর্গঠন শেষে কূপটিতে এখন ড্রাই গ্যাস উৎপাদন সম্ভব, ফলে সরবরাহ প্রায় দ্বিগুণ হয়েছে।

বিজিএফসিএল জানিয়েছে, সিলেট গ্যাস ফিল্ডের অধীন কৈলাসটিলা–১ কূপের ওয়ার্কওভার কাজও ৫ ডিসেম্বরের মধ্যে শেষ হবে। ওই কূপ থেকেও আরও প্রায় ৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।

এ ছাড়া ডিসেম্বরের মধ্যেই আরও তিনটি কূপ- সিলেট–১০ এক্স, সিলেট–১১ এবং শ্রীকাইল–৫-এর খনন কাজ শেষ হওয়ার কথা। আগামী জানুয়ারি ও ফেব্রুয়ারিতে বাপেক্স বিয়ানীবাজার–২ এবং সেমুতাং–৬ কূপের ওয়ার্কওভার সম্পন্ন করবে।

সব কূপের কাজ শেষ হলে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ উল্লেখযোগ্য পরিমাণে বৃদ্ধি পাবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।