উৎপত্তিস্থল যেখানে

ভোরে ৪.১ মাত্রায় কেঁপে উঠল ঢাকা

রাজধানী ঢাকায় বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ভোর সকাল ৬টা ১৪ মিনিট ৪৫ সেকেন্ডে রিখটার স্কেলে ৪.১ মাত্রার একটি হালকা ভূমিকম্প অনুভূত হয়েছে। তাৎক্ষণিকভাবে কোথাও ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি, ফলে স্বস্তি ফিরে এসেছে নগরবাসীর মধ্যে।

ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ৩০ কিলোমিটার গভীরে। উৎপত্তিস্থল টঙ্গী থেকে প্রায় ৩৩ কিলোমিটার পূর্বে এবং নরসিংদী শহর থেকে মাত্র ৩ কিলোমিটার উত্তরে নির্ধারণ করা হয়েছে। সংস্থাটির পরিমাপ অনুযায়ী, ভূমিকম্পের মাত্রা ছিল ৪.১।

এর আগে, সোমবার (১ ডিসেম্বর) রাত ১২টা ৫৭ মিনিটে কক্সবাজার ও চট্টগ্রামের বিভিন্ন এলাকায় হালকা কম্পন অনুভূত হয়। তখন কক্সবাজার শহর, উখিয়া ও চকরিয়ার স্থানীয় বাসিন্দারা স্পষ্টভাবে কম্পন টের পেয়েছিলেন। তবে ওই সময়ও কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

সাম্প্রতিক এই ধারাবাহিক কম্পন ভূ-পদার্থবিদদের নতুন করে পর্যবেক্ষণে ফেলেছে। তবে বিশেষজ্ঞদের মতে, নিম্নমাত্রার এ ধরনের ভূমিকম্প সাধারণত বড় ধরনের ঝুঁকি তৈরি করে না। তবুও সচেতন থাকার পরামর্শ দিয়েছেন তাঁরা।