আরও ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস যোগ হলো গ্রিডে

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৫, ০৭:৩৯ এএম

বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেডের (বিজিএফসিএল) আওতাধীন হবিগঞ্জ গ্যাসক্ষেত্রের ৫ নম্বর কূপের ওয়ার্কওভার (সংস্কার কাজ) শেষে দৈনিক অতিরিক্ত ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে। এর ফলে কূপটি থেকে এখন প্রতিদিন মোট ২৬ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ হবে।

গতকাল বুধবার বিকেলে নতুন এই গ্যাস সরবরাহ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশনের (পেট্রোবাংলা) চেয়ারম্যান মো. রেজানুর রহমান। এ সময় সেখানে বিজিএফসিএল এর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. ফারুক হোসেন, প্রকল্প পরিচালক প্রকৌশলী ইসমাইলসহ প্রতিষ্ঠানের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পেট্রোবাংলার তথ্যমতে, বিজিএফসিএল-এর অধীন ‘তিতাস, হবিগঞ্জ, বাখরাবাদ এবং মেঘনা ফিল্ডে ৭টি কূপ ওয়ার্কওভার’ শীর্ষক প্রকল্পের আওতায় গ্যাসকূপটির সংস্কার কাজ করা হয়। গত ২৪ অক্টোবর ওয়ার্কওভার শুরু হয়ে ২ ডিসেম্বর কাজ শেষ হয়। এতে উৎপাদন সক্ষমতা বেড়েছে।

বিজিএফসিল জানিয়েছে, কূপটি ১৯৮৮ সালে ৩ হাজার ৫২১ মিটার গভীরতায় খনন করা হয়েছিল। ওয়ার্কওভারের আগে কূপটি ১ হাজার ৫২১ পিএসআই চাপে দৈনিক ১৪ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদন করছিল। বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স) ‘বিজয়-১১’ রিগ ব্যবহার করে ওয়ার্কওভার কার্যক্রম সম্পন্ন করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত