গোবিন্দগঞ্জে যুবককে পিটিয়ে হত্যা

গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জে মাদক ব্যবসা নিয়ে বিরোধের জেরে মইদুল সর্দার (৪০) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার হরিরামপুর ইউনিয়নের সাহেব বাজারের শুরের ভিটা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

এরআগে গত বুধবার (৩ ডিসেম্বর) দিবাগত রাতে ওই এলাকায় মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মইদুলকে পিটিয়ে হত্যা করার ঘটনা ঘটে। নিহত মইদুল সর্দার একই ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের নজির সর্দারের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, এলাকায় মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় বুধবার রাতে মাদক (গাঁজা) সেবন কালে মইদুল ও বেলাল নামে দুই যুবকের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে এক পক্ষ অন্যপক্ষের ওপর ইট নিক্ষেপ করে। এতে মাথায় ইটের আঘাত লেগে ঘটনাস্থলেই মইদুল মারা যান।

স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আজাহারুল ইসলাম বিপ্লব জানান, বিষয়টি জানার পর থানার ওসিকে জানিয়েছি। গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে বেলাল নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছিল।