প্রধানমন্ত্রীসহ বিএনপি নেতাদের বিদেশে কোনো ঠিকানা নেই: প্রতিমন্ত্রী

আপডেট : ২১ নভেম্বর ২০২৬, ০৪:৫১ পিএম

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, প্রধানমন্ত্রীসহ বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত কারও দেশের বাইরে কোনো ঠিকানা নেই। জনগণের ভোটে নির্বাচিত হয়ে তারা এ দেশেই থেকে জনগণের উন্নয়নে কাজ করবেন।

শনিবার (২১ নভেম্বর) দুপুরে গাইবান্ধার গোবিন্দগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন সফর উপলক্ষে সম্ভাব্য স্থান পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার আগামী পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খননের কর্মসূচি হাতে নিয়েছে। এ কর্মসূচির মাধ্যমে দেশের সব খাল ও মরা নদী পুনরুজ্জীবিত করা হবে। পরে তিনি করতোয়া নদীর বিভিন্ন অংশ ও খাল পরিদর্শন করেন। খুব শিগগির এসব খাল খননকাজের উদ্বোধন করা হবে বলেও জানান তিনি।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী গোবিন্দগঞ্জ সরকারি উচ্চবিদ্যালয় মাঠ, মহিমাগঞ্জ ইউনিয়নের গুলিয়া ঈদগাহ, রংপুর চিনিকল উচ্চবিদ্যালয় মাঠ এবং বন্ধ রংপুর চিনিকল পরিদর্শন করেন।

এর আগে গোবিন্দগঞ্জ যাওয়ার পথে গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য মরহুম আব্দুল মোত্তালিব আকন্দের কবর জিয়ারত করেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

এ সময় উপস্থিত ছিলেন ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন এমপি, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রংপুর বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম, গাইবান্ধার জেলা প্রশাসক ড. মনিরুজ্জামান, গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা ইয়াসমিন সুলতানা, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুন্নবী টিটুল, গোবিন্দগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক ফারুক আহমেদ ও সদস্যসচিব রেজওয়ানুল হাবীব রফিক।

এছাড়া উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি ফারুক কবীর আহমেদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু জাফর লেলিন প্রমুখ।

সর্বশেষ সর্বাধিক পঠিত