মাদারীপুরে কলেজ মাঠে মাদকসেবনের প্রতিবাদ করায় ইকবাল আমিন সম্রাট নামে এক শিক্ষার্থীর ওপর হামলার প্রতিবাদে মাদারীপুর-শরীয়তপুর-চাঁদপুর মহাসড়কে অবরোধ ও বিক্ষোভ করেন সাধারণ শিক্ষার্থীরা।
বুধবার (৩ ডিসেম্বর) সন্ধ্যা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত দুই ঘণ্টাব্যাপী মাদারীপুর শহরের কলেজ গেটে এলাকায় এ বিক্ষোভ কর্মসূচি পালন করে তারা। এতে মহাড়কের উভয়পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
আহত সম্রাট মাদারীপুর সরকারি কলেজের রসায়ন বিভাগের স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তার বাড়ি নোয়াখালীর হাতিয়ায়।
সাধারণ শিক্ষার্থী ও স্থানীয়দের বরাতে মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন জানান, গত ৩০ নভেম্বর বিকেলে কয়েকজন বহিরাগত যুবক কলেজের ভেতরে মাদক সেবন করছিলেন। ইকবালসহ কয়েকজন শিক্ষার্থী মিলে এর প্রতিবাদ করেন। এর জেরে ইকবাল বুধবার বিকেলে কলেজ মাঠে খেলতে গেলে তাকে একা পেয়ে বেদম মারধর করেন বহিরাগত কয়েকজন যুবক। পরে গুরতর আহত অবস্থায় তাকে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করে সজপাঠীরা। এরপরেই হামলাকারীদের গ্রেপ্তার ও কলেজ প্রঙ্গনে বহিরাগতদের প্রবেশ বন্ধ, সীমানা নির্ধারণসহ তিন দফা দাবিতে বিক্ষোভের ডাক দেন সাধারণ শিক্ষার্থীরা।পরে তারা কলেজ গেটে অবস্থান নিয়ে মাদারীপুর-শরীয়তপুর- চাঁদপুর আঞ্চলিক মহাসড়কে টায়ার জ্বালিয়ে দুপাশে অবরোধ করে। এসময় বিক্ষুব্ধ শিক্ষার্থীদের সঙ্গে একত্রতা প্রকাশ করে শিক্ষার্থীদের পাশে দাঁড়ায় কলেজের শিক্ষক ও কর্মচারীরাও।
পরে পুলিশ ও কলেজের অধ্যক্ষ লুৎফর রহমান খান ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের দাবি মেনে নিলে অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা।
কলেজের অধ্যক্ষ লুৎফর রহমান খান বলেন, শিক্ষার্থীদের দাবি যৌক্তিক। তাদের সব দাবি মেনে নেওয়া হবে। কলেজের শিক্ষকেরা আহত ওই শিক্ষার্থীর সুচিকিৎসা নিশ্চিতেও সব ধরনের উদ্যোগ নিয়েছে বলেজ কর্তৃপক্ষ।