প্রথম বাংলাদেশি হিসেবে অ্যাশেজের মাঠে শরফুদ্দৌলা

ব্রিসবেনে শুরু হয়েছে ঐতিহ্যবাহী অ্যাশেজ সিরিজের দ্বিতীয় টেস্ট। এই ম্যাচ দিয়েই ইতিহাসে প্রবেশ করলেন বাংলাদেশের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। প্রথম বাংলাদেশি আম্পায়ার হিসেবে তিনি অ্যাশেজে অনফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করছেন।

ব্রিসবেনে আজ থেকে শুরু হওয়া দিবারাত্রির পিংক বল টেস্টে শরফুদ্দৌলার সঙ্গে মাঠের দায়িত্বে আছেন দক্ষিণ আফ্রিকার অ্যাড্রিয়ান হোল্ডস্টক। টিভি আম্পায়ার হিসেবে আছেন নীতিন মেনন। অন-ফিল্ড আম্পায়ার হিসেবে প্রথমবারের মতো দায়িত্ব পালন করলেও পার্থে অ্যাশেজের প্রথম টেস্টে শরফুদ্দৌলা টিভি আম্পায়ার হিসেবে কাজ করেছেন।

দুই দিনে শেষ হয়ে যাওয়া সেই টেস্টে শরফুদ্দৌলার সিদ্ধান্ত ঘিরে বিতর্কও হয়েছিল। ব্রেন্ডন ডগেটের বলে জেমি স্মিথকে নট-আউট ঘোষণা করেন অনফিল্ড আম্পায়ার নীতিন মেনন। কিন্তু ডিআরএসে বল ব্যাট পেরিয়ে যাওয়ার পর স্নিকোমিটারের একটি স্পাইক দেখা যায়। শরফুদ্দৌলা সেটা দেখে সিদ্ধান্ত বদলে আউট দেন স্মিথকে।

এই নিয়ে গ্যালারিতে থাকা ইংলিশ সমর্থকেরা চটে গিয়েছিলেন। তবে শরফুদ্দৌলা আইসিসির নিয়মের কোনো ব্যত্যয় ঘটাননি। পরিষ্কার প্রমাণ থাকলেই অন-ফিল্ড আম্পায়ারের সিদ্ধান্ত বদলানো যায়। শরফুদ্দৌলা সেটাই করে দেখিয়েছেন। এবার ব্রিসবেনে তার ওপর আরও বড় দায়িত্ব।