মার্কিন বিমান বাহিনীর অভিজাত এয়ার শো টিম ‘থান্ডারবার্ডস’-এর একটি এফ-১৬ যুদ্ধবিমান গতকাল বুধবার (৩ ডিসেম্বর) দক্ষিণ ক্যালিফোর্নিয়ার মরুভূমিতে বিধ্বস্ত হয়েছে। তবে পাইলট নিরাপদে বের হয়ে আসতে সক্ষম হয়েছেন এবং বর্তমানে চিকিৎসা নেওয়া হচ্ছে।
বিমান বাহিনীর মুখপাত্র স্টাফ সার্জেন্ট জোভান্টে জনসন জানিয়েছেন, পাইলট স্থিতিশীল অবস্থায় আছেন। সামরিক কর্মকর্তারা জানান, প্রশিক্ষণ মিশনের সময় সকাল ১০টা ৪৫ নাগাদ নিয়ন্ত্রিত আকাশসীমার মধ্যে বিমানটি বিধ্বস্ত হয়। এখনও দুর্ঘটনার সঠিক কারণ জানা যায়নি।
এফ-১৬সি ফাইটিং ফ্যালকন যুদ্ধবিমানটি ক্যালিফোর্নিয়ার ট্রোনার কাছে মোজাভে মরুভূমির শুকনো হ্রদের জমিতে আছড়ে পড়ে। প্রত্যক্ষদর্শী ও জরুরি সেবা কর্মীরা জানান, দুর্ঘটনার সময় ধোঁয়ার কুণ্ডলী দেখা যায় এবং আশেপাশে বিকট শব্দ শোনা যায়।
ট্রোনা বিমানবন্দরের ব্যবস্থাপক জর্জ বাস জানান, বিমানটি বিমানবন্দর থেকে প্রায় দুই মাইল দক্ষিণে বিধ্বস্ত হয়, যদিও এটি বিমানবন্দর ব্যবহার করছিল না। ওই অঞ্চলে নিয়মিতভাবে সামরিক বিমানের উপস্থিতি থাকে।
একটি অনলাইনে প্রচারিত ভিডিওতে দেখা যায়, বিমানটিতে আগুন লাগার ঠিক আগে পাইলট প্যারাসুট খুলে নিজেকে নিরাপদ করেন। বিমান বাহিনীর ২০২১ সালের হিসাব অনুযায়ী, একটি এফ-১৬সি যুদ্ধবিমানের মূল্য প্রায় ১৮.৮ মিলিয়ন ডলার। ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) এ ঘটনাকে সামরিক বাহিনীর কাছে হস্তান্তর করেছে।