চুপিসারে নতুন সিনেমার শুটিং করতে গিয়ে অগ্নিদগ্ধ চিত্রনায়ক আরিফিন শুভ। ঢাকার বাইরে ‘মালিক’ নামের এক চলচ্চিত্রের অ্যাকশন দৃশ্যে শুট করতে গিয়ে শরীরে আগুনলেগে যায় ঢাকাই সিনেমার এই জনপ্রিয় নায়কের। যদিও সিনেমার মতই এই দুর্ঘটনা নিয়েও নিশ্চুপ সিনেমাটির সঙ্গে সংশ্লিষ্টতবে শুটিং ইউনিটের একাধিক সূত্র জানিয়েছে, অ্যাকশন দৃশ্যে আরিফিন শুভর শরীরের নিচের অংশে নিয়ন্ত্রিত আগুন জ্বলার কথা ছিল। সবকিছু ঠিকভাবেই প্রস্তুত ছিল। কিন্তু ক্যামেরা ঘুরতেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যায়। আগুন হঠাৎ আঘাত হানে শুভর পায়ে। কয়েক সেকেন্ডের ব্যবধানে শিখা যেন আরও উঁচু হয়ে ওঠে।
ইউনিট সূত্রে আরও জানা যায়, আগুন লাগার পর শুভ প্রথমে নিজেই শিখা নেভানোর চেষ্টা করেন। কিন্তু আগুন থামছিল না। তীব্র তাপে ভারসাম্য হারিয়ে একসময় মাটিতে লুটিয়ে পড়েন তিনি। তখনই ইউনিট সদস্যরা এগিয়ে এসে আগুন নেভান। আগুন নিভে গেলেও শুভর পায়ে দগ্ধচিনহ পড়ে।
দুর্ঘটনার পর পরিচালক সাইফ চন্দন শুট বন্ধের সিদ্ধান্ত নিলেও, শুভ নাকি পিছু হটেননি। প্রাথমিক চিকিৎসা নিয়েই ক্যামেরার সামনে দাঁড়িয়ে সেদিনের সব শুট শেষ করেন তিনি। জানা গেছে, পায়ে ক্ষত নিয়েই এখনো নিয়মিত শুটিং চালিয়ে যাচ্ছেন এই নায়ক। এই দুর্ঘটনা নিয়ে পরিচালকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি আনুষ্ঠানিক মন্তব্য করতে চাননি।