ওয়াসিম আকরামের বিশ্বরেকর্ড ভেঙে দিলেন মিচেল স্টার্ক

টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস রচনা করলেন অস্ট্রেলিয়ার তারকা বাঁহাতি পেসার মিচেল স্টার্ক। ব্রিসবেনে চলমান অ্যাশেজ সিরিজের দ্বিতীয় টেস্টে পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াসিম আকরামের দীর্ঘদিনের বিশ্বরেকর্ড ভেঙে টেস্ট ক্রিকেটে সর্বাধিক উইকেট নেওয়া বাঁহাতি বোলার হিসেবে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেলেন এই পেস তারকা।

ব্রিসবেনের ঐতিহ্যবাহী গ্যাবা স্টেডিয়ামে আজ বৃহস্পতিবার থেকে শুরু হওয়া দিবা-রাত্রির টেস্টে ইংল্যান্ডের প্রথম ইনিংসে তিনটি গুরুত্বপূর্ণ উইকেট নেন স্টার্ক। তার শিকার হন বেন ডাকেট (০), ওলি পোপ (০) এবং হ্যারি ব্রুক (৩১)। এর মাধ্যমে তার টেস্ট উইকেট সংখ্যা দাঁড়ায় ৪১৫, যা বাঁহাতি পেসার হিসেবে সর্বোচ্চ। এতদিন এই রেকর্ড ছিল ওয়াসিম আকরামের দখলে (৪১৪ উইকেট)।

৪১৫ উইকেট নিতে স্টার্ক খেলেছেন ১০২ টেস্টের ১৯৫* ইনিংস। অন্যদিকে ১০৪ টেস্টের ১৮১ ইনিংসে ৪১৪ উইকেট নিয়েছিলেন আকরাম। ‘সুলতান অব সুইং’ খ্যাত পাকিস্তানের কিংবদন্তি পেসার ২৫ বার নিয়েছেন ৫ উইকেট। ম্যাচে ১০ উইকেট নিয়েছেন ৫ বার। অন্যদিকে ১৭ বার ৫ উইকেট নিয়েছেন মিচেল স্টার্ক। ম্যাচে ১০ উইকেট নিয়েছেন ৩ বার। টেস্টের প্রতি ভালোবাসা থেকে ফ্র্যাঞ্চাইজি লিগ এমনকী কিছু ক্ষেত্রে সাদা বলের ক্রিকেট থেকেও সরে দাঁড়িয়েছেন স্টার্ক।

টেস্ট ইতিহাসে সর্বোচ্চ উইকেট নেওয়া বাঁহাতি পেসারদের তালিকা:

১. মিচেল স্টার্ক (অস্ট্রেলিয়া) – ৪১৫ উইকেট

২. ওয়াসিম আকরাম (পাকিস্তান) – ৪১৪ উইকেট

৩. চামিন্দা ভাস (শ্রীলঙ্কা) – ৩৫৫ উইকেট

৪. ট্রেন্ট বোল্ট (নিউজিল্যান্ড) – ৩১৭ উইকেট

৫. মিচেল জনসন (অস্ট্রেলিয়া) – ৩১৩ উইকেট

৬. জহির খান (ভারত) – ৩১১ উইকেট