গাবায় যেন নিজের সব অসম্পূর্ণতার হিসাব মিটিয়ে নিলেন জো রুট। অস্ট্রেলিয়ার মাটিতে এতদিন যার ব্যাটে তিন অঙ্কের দেখা মেলে নি, সেই রুট আজ করলেন ক্যারিয়ারের ৪০তম টেস্ট সেঞ্চুরি—তবে এর বিশেষত্ব অন্য জায়গায়। এটি তার প্রথম অস্ট্রেলিয়ান সেঞ্চুরি, ৩০তম চেষ্টায় এসে বহু প্রতীক্ষিত মাইলফলক স্পর্শ করলেন ইংল্যান্ডের এই ব্যাটিং মহারথী।
পিংক টেস্টের প্রথম দিনের শেষ ড্রিঙ্কস–বিরতির পর ব্রেনডন ডগেটের ওভারে টানা দুই বাউন্ডারি মেরে রুট পৌঁছে যান নিজের অস্ট্রেলিয়া সফরের সর্বোচ্চ স্কোরে। চার বছর আগে একই গাবায় করা তার ৮৯ রানের ইনিংসকেও ছাড়িয়ে যান তিনি। ইংল্যান্ডের কোনো ব্যাটারের সর্বশেষ গাবায় সেঞ্চুরি ছিল ২০১০ সালের নভেম্বরে, জনাথন ট্রটের ব্যাটে। সেই ইতিহাসকেও নতুন করে লিখলেন রুট।
অবশেষে স্কট বোল্যান্ডের বল শরীরের পাশে পেয়ে নিখুঁত টাইমিংয়ে কাজ করে নেন চার রানে—আর সেই বলটিই লিখে দেয় তার অস্ট্রেলিয়ান সেঞ্চুরির ইতিহাস। হেলমেট খুলে উঁচিয়ে ধরলেন ব্যাট, আর গাবার গ্যালারিতে ধ্বনিত হলো দীর্ঘ প্রতীক্ষার চিৎকার—“রুউউউট!”
যারা বলতেন ‘ডাউন আন্ডারে’ কখনই রুটের ব্যাট জ্বলে না, তাদের মুখে এবার জবাব দিয়েই রাখলেন তিনি। অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম সেঞ্চুরি পেতে রুটের লাগল ৪৩৯৬ দিন, ৩০ ইনিংস, ১৬ টেস্ট ও ১২ বছর।
১৬০ টেস্টে প্রায় ১৪ হাজার রানের কাছে পৌছে যাওয়া রুটের সামনে কেবল তিন জন- শচীন টেন্ডুলকার ৫১, জ্যাক ক্যালিস ৪৫ এবং রিকি পন্টিং ৪১।