'পাকিস্তানের লড়াকু মানসিকতা নেই বলাটা অসম্মানের,' জো রুট

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৬ পিএম
ইংল্যান্ডের বিরুদ্ধে চলমান টেস্ট সিরিজে পাকিস্তান ক্রিকেট দলের 'লড়াকু মানসিকতা নেই' বা তারা কোনো লড়াই দেখাতে পারছে না—এমন ধারণাকে স্রেফ উড়িয়ে দিয়েছেন ইংলিশ তারকা ব্যাটার জো রুট। এজবাস্টনে সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট শুরুর আগে আয়োজিত সংবাদ সম্মেলনে এই ধরনের মন্তব্যকে দুই দলের জন্যই "অসম্মানজনক" বলে মন্তব্য করেছেন তিনি।

তিন ম্যাচের টেস্ট সিরিজে ইতিমধ্যে হেডিংলি ও লর্ডসে দাপুটে জয় তুলে নিয়ে ২-০ ব্যবধানে এগিয়ে রয়েছে স্বাগতিক ইংল্যান্ড। তবে ইংলিশদের এই সহজ জয়ের পেছনে পাকিস্তানের দুর্বলতার চেয়ে নিজেদের নিখুঁত ক্রিকেটকেই মূল কারণ হিসেবে দেখছেন রুট।

সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে রুট বলেন, "আমরা পাকিস্তানকে যথেষ্ট চ্যালেঞ্জিং প্রতিপক্ষ হিসেবেই পেয়েছি। এক দল খুব ভালো খেলেছে আর অন্য দল একদমই বাজে—বিষয়টিকে এভাবে দেখা উভয় দলের জন্যই অসম্মানজনক। একটি দল যখন অসাধারণ পারফর্ম করে, তখন প্রতিপক্ষকে সহজে ম্যাচ ঢুকতে দেয় না। আমরা পরিস্থিতি ও উইকেট দ্রুত মানিয়ে নিতে পেরেছিলাম বলেই আধিপত্য বজায় রাখা সম্ভব হয়েছে।"

তিনি আরও যোগ করেন, "গত দুই ম্যাচে যাই ঘটে থাকুক না কেন, এজবাস্টনে চলতি সপ্তাহের ম্যাচটি আমাদের জন্য সম্পূর্ণ নতুন একটি চ্যালেঞ্জ। প্রতিপক্ষ ড্রেসিংরুমে অত্যন্ত মেধা সম্পন্ন সব ক্রিকেটার রয়েছে, তাই আমাদের পূর্ণ প্রস্তুতি নিয়েই মাঠে নামতে হবে।"

প্রথম দুই টেস্টে নাজেহাল হওয়ার পর পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এক অভূতপূর্ব সিদ্ধান্ত গ্রহণ করেছে। স্কোয়াড থেকে একযোগে সাতজন ক্রিকেটারকে দেশে ফেরত পাঠিয়ে নতুন সাতজনকে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। পরিবর্তন এসেছে কোচিং প্যানেলেও; প্রধান কোচ সরফরাজ আহমেদ এবং সহকারী কোচ উমর গুলকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। শেষ টেস্টে দলের কোচের ভূমিকায় দেখা যাবে মাইক হেসন এবং সাবেক অস্ট্রেলীয় পেসার অ্যাশলি নফকে। পাশাপাশি ক্রিকেটারদের শৃঙ্খলা ও আচরণগত বিষয়ে অভ্যন্তরীণ তদন্তও শুরু করেছে পিসিবি।
 
বুধবার (৯ সেপ্টেম্বর) এজবাস্টনে সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে মুখোমুখি হবে ইংল্যান্ড ও পাকিস্তান।
সর্বশেষ সর্বাধিক পঠিত