বিদেশি লিগে খেলার ছাড়পত্র পেলেন মোস্তাফিজ-তাসকিন-মুমিনুল

বাংলাদেশের তিন ক্রিকেটার—পেসার মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও অভিজ্ঞ টেস্ট ব্যাটার মুমিনুল হক—বিভিন্ন বিদেশি লিগে খেলার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে এনওসি পেয়েছেন। এর মধ্যে মোস্তাফিজ ও তাসকিন আরব আমিরাতে চলমান আইএলটি২০ ২০২৫-২৬ আসরে খেলবেন, আর মোমিনুল রওনা দিয়েছেন অস্ট্রেলিয়ায় গ্রেড ক্রিকেটে অংশ নিতে।

সম্প্রতি লেগ-স্পিনার রিশাদ হোসেনও অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে হোবার্ট হারিকেনসের হয়ে খেলার অনুমতি পেয়েছেন।

বিসিবির ক্রিকেট অপারেশন্সের দায়িত্বপ্রাপ্ত শাহরিয়ার নাফীস নিশ্চিত করেছেন, মোস্তাফিজ, তাসকিন ও মোমিনুলকে ২৩ ডিসেম্বর পর্যন্ত বিদেশে খেলার ছাড়পত্র দেওয়া হয়েছে। তবে তাদের সবাইকে ২৬ ডিসেম্বর শুরু হতে যাওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ২০২৫-২৬ আসরের জন্য নির্ধারিত সময়ে ঢাকায় ফিরে আসতে হবে।

কোন দলে খেলবেন কারা

মোস্তাফিজুর রহমান: দুবাই ক্যাপিটালস (আইএল টি-২০), রিতেশ গ্রান্ধির বদলি হিসেবে দলে যোগ দিচ্ছেন।
তাসকিন আহমেদ: শারজাহ ওয়ারিয়র্স (আইএল টি-২০), যেখানে সিকান্দার রাজা, দিনেশ কার্তিকদের মতো তারকারাও আছেন।
মুমিনুল হক: নিউ সাউথ ওয়েলস গ্রেড ক্রিকেটে খেলবেন। সিডনি ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত নিউ সাউথ ওয়েলস প্রিমিয়ার ক্রিকেট প্রতিযোগিতায় ব্ল্যাকটাউন ডিস্ট্রিক্ট ক্রিকেট ক্লাবের হয়ে মাঠে নামবেন।

বিপিএলে খেলবেন যে দলে

মোস্তাফিজুর রহমান — রংপুর রাইডার্স, তাসকিন আহমেদ — ঢাকা ক্যাপিটালস, মুমিনুল হক— সিলেট টাইটান্স