রুট ১৩৫* স্টার্ক ৬/৭১—ওভারে ৪.৩৯ রান করে ইংল্যান্ড তুললো ৩২৫

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৫, ০৭:২৬ পিএম

ব্রিসবেনে ডে–নাইট অ্যাশেজ দ্বিতীয় টেস্টের প্রথম দিন জুড়েই ছিল ওঠানামা। তবে দিনের শেষে আলোচনার কেন্দ্রবিন্দু একজনই—জো রুট। অবশেষে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরির খড়া কাটিয়ে অপরাজিত ১৩৫ রানে দিন শেষ করলেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক। তাঁর ব্যাটে ভর করেই ওভার প্রতি ৪.৩৯ রান করে ৯ উইকেট হারিয়ে ৩২৫ রান তুলেছে ইংল্যান্ড। 

৪৮ ঘণ্টার 'পার্থ–ম্যাসাকারে'র পর দীর্ঘ বিরতি শেষে মাঠে নেমেই যেন নতুন করে শুরু করে ইংল্যান্ড। শুরুটা অবশ্য ভয়াবহ—মাত্র ১৫ বলের মধ্যে ৫/২! দুই ওপেনার বেন ডাকেট ও ওলি পোপকে শূন্যে ফিরিয়ে ইংল্যান্ডকে কাঁপিয়ে দেন মিচেল স্টার্ক। পিংক–বল বিশেষজ্ঞ বলা হয় তাঁকে; আজও সেই সুনাম ধরে রেখে ৬/৭১ তুলে নিলেন, ওয়াসিম আকরামকে (৪১৪) ছাড়িয়ে টেস্টে বাঁহাতি পেসারে সর্বোচ্চ উইকেট এখন স্টার্কের।

জো রুটকেই আউট করতে পারেননি মিচেল স্টার্ক (বায়ে)

সেখান থেকেই ঘুরে দাঁড়ায় ইংল্যান্ড—রুট ও জ্যাক ক্রলির ১০০ রানের জুটি ঘুরিয়ে দেয় ম্যাচের গতি। আগের ম্যাচে 'জোড়া শূণ্য' করা ক্রলি এবার খেললেন দাপুটে ৭৬ (৯৩ বল) রানের ইনিংস। তবে মাঝপথে আবারও ধস নেমে ৫৪ রানে ৫ উইকেট হারিয়ে ফেলে সফরকারীরা। আক্রমণ–সতর্কতার দ্বৈত লড়াইয়ের মধ্যেই একা দাঁড়িয়ে থাকেন রুট শান্ত মাথায় খেলেন পার্থক্য গড়ে দেওয়া ইনিংস।

এক ক্যাচ নিতে গিয়ে অ্যালেক্স ক্যারি ও মার্নাস লাবুশেন

টেস্ট ক্যারিয়ারে এর আগে ২৯ ইনিংস অস্ট্রেলিয়ার মাটিতে ১৬ টেস্ট ৩০ ইনিংস ব্যাট করছেন রুট, তাতে তাঁর সর্বোচ্চ রানের ইনিংস ছিল ৮৯। আজ সেই সেঞ্চুরি-খরা কাটল তাঁর। ৪৩৯৬ দিন ও ১২ বছর পর এই দেশে প্রথম টেস্ট সেঞ্চুরি করলেন, যা তার ক্যারিয়ারের ৪০তম।

দিনের শেষ ভাগে ম্যাচে আসে আরেক মোড়। সবাই যখন ভাবছিলেন, স্টাম্পের আগে অস্ট্রেলিয়ার ব্যাটারদের নামতে হবে, তখন শেষ ব্যাটার জোফরা আর্চারের সঙ্গে অবিশ্বাস্য এক ৬১ রানের জুটি গড়ে দেন রুট। আর্চারও ব্যাট হাতে দারুণ লড়াই করে ইংল্যান্ডকে নিয়ে যান ৩০০–র ওপর। শেষ সেশনে অস্ট্রেলিয়া বোলারদের ক্লান্তিও স্পষ্ট ছিল।

পার্থে দুই ইনিংসে মাত্র ৬৭.৩ ওভার টিকতে পারা ইংল্যান্ড আজ ৭৪ ওভার ব্যাট করে তুলে নিলো অস্ট্রেলিয়া সফরের প্রথম ৩০০ প্লাস স্কোর—২০১৮ সালের পর প্রথমবার।

ব্রিসবেনের আলো–হাওয়ায় রুটের এই অপরাজিত ইনিংস অ্যাশেজ লড়াইকে আবারও জমিয়ে তুলল, দ্বিতীয় দিন শুরু হওয়ার অপেক্ষা এখন। দ্বিতীয় দিন বল হাতে এই ৩২৫ কতটা যথেষ্ট প্রমাণ করতে পারে ইংল্যান্ড—সেটিই এখন দেখার বিষয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত