বগুড়া–৪ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ব্যাপক গণজোয়ার সৃষ্টির উদ্দেশ্যে নন্দীগ্রামে হাজারো তরুণ ও শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে জামায়াতে ইসলামীর যুব সমাবেশ।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল থেকেই মনসুর হোসেন ডিগ্রি কলেজ মাঠে নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল নামে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পুরো মাঠ ও আশপাশের এলাকা পরিণত হয় জনসমুদ্রে।
সমাবেশের আয়োজন করেন বগুড়া–৪ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. মোস্তফা ফায়সাল পারভেজ। তার আমন্ত্রণে সমাবেশে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নবনির্বাচিত ভিপি সাদিক কায়েম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ভিপি ইব্রাহিম হোসেন রনি এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় রাকসু ভিপি মোস্তাকুর রহমান জাহিদ।
এছাড়াও সমাবেশে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমীর আব্দুল হক সরকার, নায়েবে আমীর অধ্যাপক আব্দুল বাছেদ, বগুড়া–৩ আসনের প্রার্থী নুর মোহাম্মদ আবু তাহের, শহর জামায়াতের আমীর অধ্যক্ষ আবিদুর রহমান সোহেলসহ জেলা ও উপজেলা পর্যায়ের অন্যান্য নেতারা।
তরুণদের ভূমিকা নিয়ে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেন, “দেশের ভবিষ্যৎ গঠনে তরুণরাই মূল শক্তি। নৈতিকতা, আদর্শ ও শিক্ষায় সমৃদ্ধ তরুণ প্রজন্মই জাতিকে সঠিক পথে এগিয়ে নিতে পারে।”
ডাকসু ভিপি সাদিক কায়েম বলেন, “শহীদদের ত্যাগের বিনিময়ে অর্জিত বাংলাদেশ হবে বৈষম্যহীন রাষ্ট্র। দুর্নীতিবাজ, চাঁদাবাজ বা সন্ত্রাসীদের এই দেশে আর ঠাঁই হবে না।”
রাকসু ভিপি মোস্তাকুর রহমান জাহিদ বলেন, “জুলাইয়ের পর দেশের রাজনীতিতে নতুন যুগ শুরু হয়েছে। জনগণের ভাষা বুঝতে ব্যর্থ নেতৃত্ব ইতিহাসের আস্তাকুঁড়ে ঠাঁই পাবে।”
চাকসু ভিপি ইব্রাহিম রনি বলেন, “দেশের স্বার্থ রক্ষায় ছাত্রসমাজ আর কোনো পরাধীনতা বা তদবিরমুখী রাজনীতি মেনে নেবে না।”
সমাবেশকে ঘিরে কাহালু–নন্দীগ্রাম জুড়ে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। আয়োজকরা জানান, নন্দীগ্রামে এত বড় পরিসরের ছাত্র–যুব সমাবেশ এই প্রথম। কলেজ মাঠে নির্মাণ করা হয় আধুনিক মঞ্চ, উন্নতমানের সাউন্ড সিস্টেম, আলোকসজ্জা এবং ব্যানার–ফেস্টুন। নিরাপত্তা ও স্বেচ্ছাসেবকদের তৎপরতাও ছিল চোখে পড়ার মতো।
উপস্থিত তরুণ শিক্ষার্থীরা বলেন, “ডাকসু, রাকসু ও চাকসুর শীর্ষ নেতাদের আগমন বগুড়া–৪ আসনে জামায়াত প্রার্থী ড. মোস্তফা ফায়সাল পারভেজের প্রচারণায় নতুন গতি দিয়েছে।”