বাবাকে 'নগ্ন' হওয়া থেকে বাঁচানোয় রুটকে হেইডেন-কন্যার কৃতজ্ঞতা

অ্যাশেজ শুরুর আগে অস্ট্রেলিয়ার সাবেক ওপেনার ও জনপ্রিয় ধারাভাষ্যকার ম্যাথিউ হেইডেন মজা করেই বলেছিলেন, যদি ইংলিশ তারকা জো রুট এই সিরিজে একটি সেঞ্চুরিও করতে না পারেন, তবে তিনি মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) নগ্ন হয়ে হাঁটবেন।

সেপ্টেম্বরে এক ইউটিউব পডকাস্টে হেইডেন বলেছিলেন, “এই গ্রীষ্মে রুট যদি একটাও সেঞ্চুরি করতে না পারে, আমি এমসিজিতে নগ্ন হয়ে হাঁটব।”

হেইডেনের এই মন্তব্যে তার মেয়ে গ্রেস হেইডেন—যিনি নিজেও ক্রিকেট ধারাভাষ্যকার—তখন সামাজিক যোগাযোগমাধ্যমে রুটকে উদ্দেশ্য করে বলেন, “প্লিজ @root66 একটা সেঞ্চুরি করে দিও!”

শেষ পর্যন্ত গ্রেস ও হেইডেন দু’জনেরই চোখ রক্ষা করলেন রুট। অ্যাশেজের দ্বিতীয় টেস্টের প্রথম দিন ব্রিসবেনের গাবায় দারুণ এক সেঞ্চুরি করেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক। এরপরই গ্রেস ইনস্টাগ্রাম স্টোরিতে লিখলেন, “রুট, ধন্যবাদ। তুমি আমাদের সবার চোখ বাঁচালে!”

হেইডেনও রুটকে অভিনন্দন জানিয়ে ইংল্যান্ড ক্রিকেটের এক্স (টুইটার) অ্যাকাউন্টে পোস্ট করা ভিডিওতে বলেন—
“অস্ট্রেলিয়ায় তোমার প্রথম সেঞ্চুরির জন্য অভিনন্দন। সময় লেগেছে ঠিকই, কিন্তু দুর্দান্ত করেছ। আমার মতো আর কারও ‘স্কিন’ এতটাই ঝুঁকিতে ছিল না! অবশেষে দারুণ করে দিলে, উপভোগ করো এই ইনিংস।”

রুট ১৮১ বলে পৌঁছান অস্ট্রেলিয়ার মাটিতে তার প্রথম টেস্ট সেঞ্চুরিতে। এটি তার টেস্ট ক্যারিয়ারের ৪০তম শতক।