মাদারীপুর সরকারি কলেজ মাঠে মাদক সেবনের প্রতিবাদ করায় ইকবাল আমিন ওরফে সম্রাট (২০) নামে এক শিক্ষার্থীকে পিটিয়ে আহত করার প্রতিবাদে আবারও বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ করেছেন সাধারণ শিক্ষার্থীরা। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টা থেকে দ্বিতীয় দিনের মতো মাদারীপুর জেলা শহরের সরকারি কলেজ গেট এলাকায় মাদারীপুর-শরীয়তপুর-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের ওপর এ কর্মসূচি পালন করা হয়। এ সময় এক ঘণ্টার বেশি সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে। পরে পুলিশের আশ্বাসে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়ে সড়ক অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা।
এর আগে গত বুধবার রাতে প্রায় দুই ঘণ্টাব্যাপী একই স্থানে মহাসড়কে টায়ার জ¦ালিয়ে বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করে। তখন রাতের মধ্যে গ্রেপ্তারের আলটিমেটাম দেন এবং প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেন তারা।
মাদারীপুর সরকারি কলেজের অধ্যক্ষ লুৎফর রহমান খান বলেন, শিক্ষার্থীরা যে দাবিগুলো করেছে তা যৌক্তিক। তাদের সব দাবি পর্যায়ক্রমে মেনে নেওয়া হবে। মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম বলেন, আসা করি আসামিদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।